রোহিঙ্গা পরিস্থিতি জানতে কক্সবাজারে নর্ডিক রাষ্ট্রদূতেরা
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নতুন করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে জানতে কক্সবাজার সফর করছেন ঢাকায় কর্মরত নর্ডিক দেশগুলোর রাষ্ট্রদূতেরা। গতকাল সোমবার তাঁরা এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে আলোচনা করেন।
ঢাকায় সুইডেন দূতাবাস এবং ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল উইন্টারের টুইট থেকে এ তথ্য জানা গেছে। প্রতিনিধিদলে ডেনমার্কের রাষ্ট্রদূত ছাড়াও সুইডেনের রাষ্ট্রদূত উয়োহান ফ্রিজেল এবং নরওয়ের রাষ্ট্রদূত সিসেল গ্লিকেনও রয়েছেন।
জানা গেছে, রোহিঙ্গারা রাখাইনে তাঁদের ওপর যেসব অত্যাচার-নির্যাতন হয়েছে, সে সম্পর্কে রাষ্ট্রদূতদের জানিয়েছেন।
এদিকে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়কারীর দপ্তর (ওসিএইচএ) গতকাল এক টুইটে জানিয়েছে, গত অক্টোবর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ৬৬ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। নিরাপত্তা বাহিনীর নিপীড়নের কারণে তাঁরা পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। তাঁদের অনেকে অন্য জায়গায়ও পালিয়ে গেছেন।
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের এক বিশেষ বৈঠক বসছে বৃহস্পতিবার। আলোচনার পর ওআইসির দেশগুলো যৌথ বিবৃতি দেবে বলে জানা গেছে। সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।