রোহিঙ্গা পরিস্থিতি দেখতে জাতিসংঘের প্রতিনিধি দল কক্সবাজারে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণের ভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে জাতিসংঘের একটি প্রতিনিধিদল কক্সবাজারে রয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) প্রতিনিধিদলটি ১১ জানুয়ারি থেকে সরেজমিনে কাজ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রতিনিধিদলটি কক্সবাজার ও এর আশপাশের এলাকায় সপ্তাহ দুয়েক ঘুরে দেখবে। এ সময় প্রতিনিধিদলটি সেখানে রোহিঙ্গা শরণার্থী শিবির, মিয়ানমারের অনিবন্ধিত নাগরিকদের অস্থায়ী শিবিরের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকায় আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবে। সফর শেষে প্রতিনিধিদলটি মানবাধিকার কমিশনারের দপ্তরে একটি মূল্যায়ন প্রতিবেদন দেবে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর বেশ কিছুদিন ধরে রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে বাংলাদেশে একটি প্রতিনিধিদল পাঠানোর অনুমতি চাইছিল। সরকার সম্প্রতি প্রতিনিধিদলটিকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে।
মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ রেপোর্টিয়ার ইয়াংঘি লিকে রাখাইন রাজ্যের বেশ কয়েকটি এলাকায় যেতে দেওয়া হয়নি। কাতারভিত্তিক স্যাটেলাইট চ্যানেল আল-জাজিরার এক খবরে গতকাল বলা হয়, ইয়াংঘি লি শুধু সরকারের অনুমতি সাপেক্ষে রাখাইনের কিছু লোকজনের সঙ্গে কথা বলতে পেরেছেন।