রোহিঙ্গা প্রশ্নে নিরাপত্তা পরিষদের বৈঠক এখনই হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সেনাবাহিনীর হাতে সম্প্রতি এক হাজারের বেশি রোহিঙ্গা নিহত হয়েছে—বাংলাদেশে কর্মরত জাতিসংঘের দুজন কর্মকর্তার এ বক্তব্যের ব্যাপারে সংস্থাটি সরাসরি কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে জাতিসংঘের কর্মকর্তারা এ তথ্য জানান।

গত মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এক প্রশ্নের জবাবে বলেন, রোহিঙ্গাদের ব্যাপারে যেসব তথ্য তাঁদের হাতে আছে, তা খোলামেলাভাবে প্রকাশ করা হয়েছে। গত সপ্তাহে মানবাধিকার হাইকমিশনার রোহিঙ্গা উদ্বাস্তুদের পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সে প্রতিবেদন থেকেই স্পষ্ট অবস্থা কতটা ভয়াবহ।

উল্লেখ্য, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাক্ষাৎকারের ভিত্তিতে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের তৈরি প্রতিবেদনে উল্লেখ করা হয়, সামরিক অভিযানের ফলে রোহিঙ্গারা হত্যা, ধর্ষণ, নির্মম প্রহার ও অন্যান্য বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। হাইকমিশনার জেইদ রা’দ আল-হোসেইন প্রতিবেদনটি প্রকাশের সময় নিজে বলেছেন, রোহিঙ্গা শিশুরা যে নির্মমতার শিকার হয়েছে, তা সহ্যের বাইরে। মায়ের বুকে দুগ্ধ পানরত শিশুকে কেড়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর সদস্যদের হাতে মায়ের সামনে মেয়েদের গণধর্ষণের শিকার হতে হয়েছে।

অবস্থা যখন এত ভয়াবহ, তখন জাতিসংঘ সনদের ৯৯ ধারা অনুযায়ী মহাসচিব কেন বিষয়টি নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করছেন না, এমন এক প্রশ্নের জবাবে দুজারিক সরাসরি উত্তর দেননি। তিনি বলেন, ঠিক কতজন মানুষ নিহত হলে জাতিসংঘের সনদের ৯৯ ধারা কার্যকর হবে, সে বিতর্কে তিনি যাবেন না। তবে রোহিঙ্গা প্রশ্নে জাতিসংঘ আগাগোড়া স্বচ্ছ থেকেছে।

মানবাধিকার হাইকমিশনারের এ প্রতিবেদন প্রকাশের পর রোহিঙ্গা প্রশ্নে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপের জন্য চাপ বাড়ছে। তবে রোহিঙ্গা প্রশ্নে আপাতত নিরাপত্তা পরিষদের কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা নেই, কারণ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের এ ব্যাপারে কোনো আগ্রহ নেই। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন রোহিঙ্গা প্রশ্নে নিজের অবস্থান পরিষ্কার না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম।

জাতিসংঘের একাধিক কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সুইডেন চায় এ ব্যাপারে নিরাপত্তা পরিষদ আরও বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করুক। এ ব্যাপারে তারা অনানুষ্ঠানিকভাবে পরিষদের বিভিন্ন সদস্যের সঙ্গে কথা বলেছে। কিন্তু চীন ও রাশিয়া এ ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। পরিষদের এ দুই স্থায়ী সদস্যের বক্তব্য, এ ব্যাপারে মানবাধিকার পরিষদ নেতৃত্ব গ্রহণ করছে, এ প্রক্রিয়াটি অব্যাহত রাখা উচিত। তারা প্রশ্নটি দ্বিপক্ষীয়ভাবে সমাধানের জন্য বাংলাদেশ ও মিয়ানমারকে আরও সময় দিতে চায়।

জাতিসংঘ সূত্র থেকে জানা গেছে, মিয়ানমারের বিষয়টি নতুন মহাসচিব আন্তোনিও গুতিরেজ গভীরভাবে পর্যালোচনা করে দেখছেন, তবে এ মুহূর্তে মিয়ানমার প্রশ্নে তাঁর কোনো ব্যক্তিগত প্রতিনিধি বা বিশেষ প্রতিনিধি নিয়োগের সম্ভাবনা নেই। ৩১ ডিসেম্বর ভারতের বিজয় নাম্বিয়ার এ দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর কাউকে এ দায়িত্ব দেওয়া হয়নি। এর কারণ ব্যাখ্যা করে সচিবালয়ের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, কোনো বিশেষ প্রতিনিধির নিয়োগের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট ম্যান্ডেট বা নির্দেশ সাধারণ পরিষদ থেকে আসেনি। তা ছাড়া নতুন মহাসচিব মাত্র দুই সপ্তাহ তাঁর দায়িত্ব গ্রহণ করেছেন। কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে তিনি বিষয়টি আরও কিছু সময় পর্যবেক্ষণ করতে চান বলে কর্মকর্তাটি জানান।

এটা গণহত্যার শামিল: ব্রিটিশ হাইকমিশনার

কক্সবাজারের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন গণগত্যার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের দুটি রোহিঙ্গা শিবির পরিদর্শনের পর তিনি এ মন্তব্য করেন।

গতকাল তিনি ছাড়াও অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিব্লেট ও কানাডার হাইকমিশার বেনোয়া পিয়েরে লাঘামে ওই দুটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

শরণার্থী শিবির পরিদর্শনের পর ব্রিটিশ হাইকমিশনার বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা তাঁদের ওপর নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিবরণ দিয়েছেন। এ নির্যাতন গণহত্যার শামিল।