মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টার সময় রোহিঙ্গা বহনকারী ১১টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। এ ছাড়া আরও ছয়জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। এদিকে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগে তানিয়া আক্তার (২২) নামের এক নারীকে আটক করা হয়েছে।
২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, টেকনাফের নাফ নদীর পাঁচটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বহনকারী ১১টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। প্রতিটি নৌকায় ১৫ থেকে ১৮ জনের মতো রোহিঙ্গা ছিল। বিজিবির সদস্যদের বাধার মুখে নৌকাগুলো মিয়ানমারে ফিরে যেতে বাধ্য হয়।
লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ আরও বলেন, শুক্রবার রাত আটটার দিকে উপজেলার হোয়াইক্যংয়ের মিনাবাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় খাটের নিচ থেকে ছয়জন রোহিঙ্গাসহ বাড়ির গৃহবধূ তানিয়া আক্তারকে (২২) আটক করা হয়। সকালে আটক রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগে তানিয়াকে থানায় সোপর্দ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদ বলেন, গ্রেপ্তার নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, গতকাল উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় একজন রোহিঙ্গা পুরুষকে প্রতিহত করা হয়েছে।