
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে গতকাল শুক্রবার বাদ জুমা চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দুটি সংগঠন। নগরের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ চত্বরে প্রতিবাদ সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। প্রায় একই সময়ে লালদীঘি শাহি মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করে চট্টগ্রাম বিজয় মেলা পরিষদ।
লালদীঘি শাহি মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন ও খুন-ধর্ষণ চলছে তা দেখে আমরা চুপ থাকতে পারি না। সেখানে নিরীহ মানুষদের জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হচ্ছে। চট্টগ্রামের মানুষ অন্যায়ের প্রতিবাদ করে। আমরা চট্টগ্রাম থেকে মিয়ানমার সরকারের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আপনারা রোহিঙ্গাদের মারবেন না। তাদের বাস্তুচ্যুত করবেন না।’
মহিউদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গাদের ওপর পৈশাচিক হামলার ঘটনা বন্ধের জন্য বাংলাদেশ সরকার সারা বিশ্বে যোগাযোগ করছে। রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের নাগরিক। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে মিয়ানমারের সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও সাধারণ মুসল্লি এবং কিছু মাদ্রাসাছাত্র অংশ নেন।

হেফাজতের সমাবেশ: রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। একই সঙ্গে নির্যাতিত মুসলমানদের দেশে ঢুকতে সীমান্ত খুলে দেওয়ার দাবি জানান তিনি।
হেফাজতের মহাসচিব বলেন, মিয়ানমারে নির্যাতন বন্ধে মানবাধিকার সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চালাচ্ছে। তিনি আগামী ১ ডিসেম্বর মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি পেশ ও পরদিন কক্সবাজারের সমাবেশের ঘোষণা দেন। এরপরও মিয়ানমারে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ না হলে লংমার্চসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা জুনায়েদ হাবিব প্রমুখ।
সমাবেশ শেষে আন্দরকিল্লা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।