রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন ও গণহত্যা বন্ধ এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চট্টগ্রাম শাখা। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। গণহত্যা ও নির্যাতন বন্ধে জাতিসংঘ, ওআইসি, আরব লিগসহ সব আন্তর্জাতিক মানবতাবাদী সংগঠনের এগিয়ে আসা উচিত। বক্তারা রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, সারা দেশে বিচ্ছিন্নভাবে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ না করে একসঙ্গে করা উচিত। এতে জাতীয়করণ নিয়ে আর বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। শিক্ষক আবুল কালাম আজাদ হত্যার সুষ্ঠু তদন্তের দাবি জানান তাঁরা।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চট্টগ্রামের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সচিব এম এ ছফা চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মো. মুহিবুর রহমান চৌধুরী, সহসভাপতি গোলাম রহমান, চট্টগ্রাম নগর শাখার সভাপতি মোহাম্মদ মোস্তফা, সচিব কমল কান্তি ভৌমিক প্রমুখ।