রোহিঙ্গা শরণার্থীদের অন্যত্র সরানো হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারের কুতুপালং ও নয়াপাড়ার শিবিরগুলো থেকে অন্য কোনো ভালো জায়গায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীরা বর্তমান বস্তিগুলোতে অত্যন্ত অমানবিক অবস্থায় রয়েছে। বিধায় তাদের একটি বিস্তৃত জায়গায় সরিয়ে নেওয়া হবে। কক্সবাজার সমুদ্রসৈকতের নিকটবর্তী এই শরণার্থীশিবির এলাকা পর্যটনের উন্নয়নে ব্যবহার করা হবে।
সরকারি হিসাবে বর্তমানে প্রায় ৩৪ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আছে। আর বেসরকারি হিসাবে এই সংখ্যা দুই থেকে তিন লাখ।
কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এসব কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রণালয় পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে গতকাল ওই মন্ত্রণালয়ে যান। তিনি মন্ত্রণালয়টির উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি কাজকর্মে গতিশীলতা আনতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তৃতা দেন। সচিব মেজবাহ-উল-আলম মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ড ও উন্নয়ন প্রকল্পগুলোর বিষয় তুলে ধরে বক্তব্য দেন। এ সময় মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের উত্তরাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চাষের জন্য জমি ও নিরাপদ জীবনযাপনের উপকরণ সরবরাহ করে তাদের পুনর্বাসনে তৎপর হতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।
শেখ হাসিনা বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও সন্ত্রাস দমনে বাংলাদেশ বর্তমানে গোটা বিশ্বের উদাহরণে পরিণত হয়েছে। এখন আমাদের নিজ বলে বলীয়ান হয়ে সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে হবে। প্রকৃতি বা মানবসৃষ্ট কোনো দুর্যোগ আমাদের অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারবে না।’
উপকূলীয় অঞ্চলে ঘন ঘন দুর্যোগ ঝুঁকির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের উপকূলীয় এলাকায় ছয় হাজারের বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রয়োজন। এর মধ্যে তিন হাজার ৭৫১টি আশ্রয়কেন্দ্র ইতিমধ্যেই নির্মিত হয়েছে এবং ৬২৯টি কেন্দ্র নির্মাণাধীন রয়েছে।