রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধ এবং রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে সে দেশের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের কারণে বাংলাদেশের আর্থসামাজিক অঙ্গনে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে।
গতকাল রোববার চীনের রাজধানী বেইজিংয়ে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের কারণে বান্দরবান ও কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে উভয় দেশের উচিত একসঙ্গে কাজ করা। খবর বাসসের।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, দ্রুত প্রত্যাবাসনের মাধ্যমে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। এ ব্যাপারে আরও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে অপর পক্ষ।
বৈঠকে আবদুল হামিদ বলেন, বাংলাদেশ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে আগ্রহী। আর বাণিজ্যিক ব্যবধান কমিয়ে আনতে বাংলাদেশ থেকে ওষুধ ও পাটজাত পণ্য আমদানি করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান তিনি।
এ ছাড়া রাষ্ট্রপতি উভয় দেশের মধ্যে সরাসরি সড়ক ও রেলযোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। এতে স্বল্প খরচে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পণ্য ও সেবা পরিবহন সহজ হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ মিয়ানমারের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে তিনিও আবদুল হামিদকে মিয়ানমার সফরের আমন্ত্রণ জানান।
অ্যাপেকের সদস্য হতে আগ্রহী বাংলাদেশ: এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা অ্যাপেকের সদস্য হতে আগ্রহী বাংলাদেশ। গতকাল বেইজিংয়ে ‘অ্যাপেক সিইও’ শীর্ষ সম্মেলনের একটি অধিবেশনে ভাষণে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ইতিমধ্যে অ্যাপেকের সদস্য হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। নতুন সদস্য নেওয়ার ওপর থেকে সংস্থাটি তার স্থগিতাদেশ প্রত্যাহার করে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্মেলনের ওই অধিবেশন সঞ্চালনা করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের নির্বাহী সচিব শামশাদ আক্তার। বিভিন্ন দেশের সরকারপ্রধান ও ব্যবসায়ী নেতারা এ সময় উপস্থিত ছিলেন।