বাংলাদেশে অনিবন্ধিত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীদের শুমারি সম্পর্কে গতকাল সোমবার ঢাকায় বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধিদের সরকার অবগত করেছে। শুমারি শেষে রোহিঙ্গা জনগোষ্ঠীর মর্যাদা কী হবে, তা সরকারের কাছে জানতে চেয়েছেন বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধিরা।
গতকাল দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক তাদের ব্রিফ করেন।
পররাষ্ট্রসচিব শহীদুল হক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘মিয়ানমারের অনিবন্ধিত নাগরিকদের ব্যাপারে তথ্য না থাকায় তাদের নিয়ে শুমারি চালানো হচ্ছে। গত বছর কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও পটুয়াখালী এ ছয় জেলায় থাকা রোহিঙ্গাদের প্রাথমিক গণনা শুরু হয় এবং প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ গত সপ্তাহে শেষ হয়েছে। শুমারির চূড়ান্ত ফলাফল আগামী নভেম্বর-ডিসেম্বরে পাওয়ার আশা করছি। শুমারির ব্যাপারে কূটনীতিক ও বিদেশি সাহায্য সংস্থার প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন।’
এক প্রশ্নের উত্তরে তিনি জানান, প্রাথমিকভাবে শুমারি থেকে যারা বাদ পড়েছে তাদের নিয়ে কূটনীতিকেরা জানতে চেয়েছেন। বাদ পড়া লোকজনকে আগামী দুই মাসের মধ্যে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে।
শুমারি শেষে অনিবন্ধিত রোহিঙ্গাদের মর্যাদা সম্পর্কে ব্রিফিংয়ে কূটনীতিকেরা জানতে চেয়েছেন কি না প্রশ্ন করা হলে শহীদুল হক বলেন, প্রশ্নটি ব্রিফিংয়ে এসেছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত কী হতে পারে, তা অনিবন্ধিত রোহিঙ্গাদের জন্য গঠিত জাতীয় টাস্কফোর্সের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এসব লোকের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে।
বৈঠকে অংশ নেওয়া এক কূটনীতিক এ প্রতিবেদককে জানান, কূটনীতিকরা বুঝতে চেয়েছেন, শুমারি শেষে মিয়ানমারের অনিবন্ধিত এসব লোককে শরণার্থীর মর্যাদা দেওয়া হবে কি না। তবে তাদের যে শরণার্থীর মর্যাদা দেওয়া হবে, সেটি তাদের আভাস দেওয়া হয়েছে।
বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের হাইকমিশনার, রাষ্ট্রদূতসহ আন্তর্জাতিক সংস্থার প্রায় ৪০ জন প্রতিনিধি ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। শুরুতে বাংলাদেশে অনিবন্ধিত মিয়ানমারের নাগরিকদের ওপর পরিচালিত প্রথম শুমারি সম্পর্কে একটি ধারণাপত্র উপস্থাপন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং সচেতনতামূলক তথ্য কর্মসূচি নিয়ে আরেকটি উপস্থাপনা তুলে ধরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।