রোহিঙ্গা সন্ত্রাসী নুরুল আলমের গুলিতে মারা গেছেন কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের শালবন আনসার ক্যাম্পের কমান্ডার মো. আলী হোসেন (৫৫)।
গত মঙ্গলবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সিরাজ উদ্দিনের আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে এ কথা বলেছেন নুরুল আবছার। আদালতসংশ্লিষ্ট সূত্র এ কথা জানিয়েছে। গত সোমবার পেশায় কাঠমিস্ত্রি নুরুল আবছারকে টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয়।
গত ১২ মে গভীর রাতে দুর্বৃত্তরা শালবন আনসার ক্যাম্পে হামলা চালান। সে সময় আনসার কমান্ডার আলী হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এরপর ক্যাম্প থেকে ১১টি অস্ত্র ও ৬৭০টি গুলি লুট করে নিয়ে যান দুর্বৃত্তরা।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দিতে নুরুল আবছার বলেন, আনসার ক্যাম্পে হামলায় তিনিও অংশ নেন। তিনি ও এক রোহিঙ্গার দায়িত্ব ছিল আনসার সদস্যদের গতিবিধি নজরে রাখা। জবানবন্দিতে তিনি আরও বলেন, সেদিন রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের সন্ত্রাসী খায়রুল আমিন সহযোগীদের নিয়ে প্রথমে শালবন আনসার ক্যাম্পে ঢোকেন। তারপর আনসার সদস্যদের জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলা হয়। এরপর আরেক রোহিঙ্গা সন্ত্রাসী নুরুল আলম সহযোগীদের নিয়ে অস্ত্রাগারের তালা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় কমান্ডার আলী হোসেন দৌড়ে বাইরে এলে তিনি তাঁকে থামতে বলেন। কিন্তু তিনি না থামলে নুরুল আলম তাঁকে (আলী হোসেন) গুলি করে হত্যা করেন। এরপর তিনি সহযোগীদের নিয়ে অস্ত্র লুট করেন। কুতুপালং শিবিরের রোহিঙ্গা কালাম, খায়রুল আলমসহ অনেকে ওই হামলায় অংশ নেন। এরপর হামলায় অংশ নেওয়া অধিকাংশ দুর্বৃত্ত লুট করা অস্ত্রসহ নাফ নদী অতিক্রম করে মিয়ানমারে পালিয়ে যান।
নুরুল আবছার আরও বলেন, ঘটনার কয়েক দিন পর তিনি মিয়ানমার যান। সেখানকার একটি বাড়িতে গিয়ে তিনি আনসার ক্যাম্প থেকে লুট করা অস্ত্রগুলো দেখতে পান। এরপর তিনি টেকনাফে ফিরে আসেন।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, টেকনাফের আনসার ক্যাম্পে হামলার উদ্দেশ্য ছিল অস্ত্র লুট করা। হামলায় অন্তত ৩৬ জন রোহিঙ্গা সন্ত্রাসী জড়িত ছিলেন। তাঁদের শনাক্ত করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন জানান, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার ও রোহিঙ্গা সন্ত্রাসীদের ধরতে বিজিবির মাধ্যমে মিয়ানমারের সহযোগিতা চাওয়া হয়েছে।