রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশকে নিয়ে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ঘটনার স্বাধীন, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি মনে করে, সেখানকার সমস্যার মূল উৎস মিয়ানমার। এ সমস্যার সমাধানে বাংলাদেশের অনুরোধে সমমনা সব দেশকে নিয়ে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

গতকাল সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ডিকাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। রাজধানীর ইএমকে সেন্টারে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) ওই অনুষ্ঠানের আয়োজন করে। ডিকাবের সভাপতি আঙ্গুর নাহার মন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক পান্থ রহমান।

মিয়ানমারে নতুন করে নির্যাতনের কারণে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। মার্শা বার্নিকাট বলেন, ‘আমরা সেখানকার সহিংসতার নিন্দা জানিয়েছি। আমরা সেখানকার পরিস্থিতি নিয়ে একটি পূর্ণাঙ্গ, আনুষ্ঠানিক ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাব। রাখাইন রাজ্যে কাউকে যেতে দেওয়া হচ্ছে না বলে সেখানকার আসল ছবিটা কেমন তা স্পষ্ট নয়। কাজেই একটি স্বচ্ছ তদন্ত হলে পুরো চিত্র উঠে আসবে, যা আন্তর্জাতিক সম্প্রদায়কে সমস্যা সমাধানে সহায়তা করবে।’

মার্কিন রাষ্ট্রদূত বলেন, রাখাইন রাজ্যের সমস্যার মূল উৎস মিয়ানমার। রোহিঙ্গাদের জন্মভূমিতে ফিরে গিয়ে নিরাপদে বাস করতে দেওয়া উচিত—বাংলাদেশের এই অবস্থানকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। মিয়ানমারের জনগণকে নিজেদের অধিকার নিয়ে বসবাসের সুযোগ নিশ্চিত করতে নির্বাচনের আগে ও পরে দেশটিকে যুক্তরাষ্ট্র চাপ দিয়েছে বলে জানান তিনি।

রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ প্রসঙ্গে মার্শা বার্নিকাট বলেন, ‘বাংলাদেশ এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার অনুরোধ করার পর সমমনা দেশগুলোকে নিয়ে আমরা কাজ করার কথা ভাবছি।’

আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন নির্বাচন কমিশন হতে যাচ্ছে। এ নিয়ে জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, ‘বাংলাদেশ সরকার যে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়, সেটি বাস্তবায়নের জন্য নতুন নির্বাচন কমিশন গঠন হচ্ছে দৃশ্যমান প্রথম পদক্ষেপ। আমরা একটি স্বাধীন, শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন দেখতে চাই। সেই কমিশন সবার ভোটাধিকার নিশ্চিতের পাশাপাশি প্রতিটি ভোটেরই মূল্যায়ন করবে।’

মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ও কয়েকটি সমমনা দেশ সবাইকে নিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়ে আসছে।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি না, এ প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের শাসন প্রক্রিয়ার মূল্যবোধ ও লক্ষ্যগুলো ক্ষমতার পালাবদলের ফলে বদলে যায় না। কারণ প্রেসিডেন্টের দপ্তর, কংগ্রেস ও বিচার বিভাগের মধ্যে এ ক্ষেত্রে একটা ভারসাম্য থাকে।