রোহিঙ্গা সমস্যার সমাধান মিলিটারি পন্থায় হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা সমস্যাটিকে রাজনৈতিক সমস্যা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মিলিটারি পন্থায়’ এর সমাধান সম্ভব নয়। বাংলাদেশে ডেনমার্কের নবনিযুক্ত রাষ্ট্রদূত মিখাইল হেমনিদ উইনটারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ মন্তব্য করেন। ডেনমার্কের নবনিযুক্ত রাষ্ট্রদূত গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যান।
প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফ করার সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, তাঁরা বিভিন্ন দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিষয়ে কথা বলেন। মিয়ানমারের সাম্প্রতিক রোহিঙ্গা সমস্যাও তাঁদের আলোচনায় আসে।
ডেনমার্ককে বাংলাদেশের গর্বিত উন্নয়ন-সহযোগী আখ্যা দিয়ে দুই দেশের মধ্যে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত। তাঁর দেশ ২০২১ সালের মধ্যে বাংলাদেশের মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে অংশীদার হতে চায় উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে পরিবেশ অনুকূল জ্বালানি খাতে সহযোগিতারও অনেক সম্ভাবনা আছে। এ সময় রোহিঙ্গা ইস্যু মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রদূত। জবাবে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারকে স্থানীয় পর্যায়ে করতে হবে। আর তা করতে হবে তৃতীয় কোনো পক্ষের সাহায্য ছাড়াই।
প্রধানমন্ত্রী ডেনমার্কের উদ্যোক্তাদের বাংলাদেশের কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগের আহ্বান জানান। দেশের উন্নয়নে তাঁর সরকারের প্রধান লক্ষ্য পল্লি উন্নয়ন—এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ জন্যই তৃণমূল পর্যায় থেকে উন্নয়নের নিরলস প্রচেষ্টা চালানো হচ্ছে।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল প্রদান: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিয়েছে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। সংগঠনটির সভাপতি মো. নজরুল ইসলাম মজুমদার এবং বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তারা গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর কাছে এই কম্বল হস্তান্তর করেন। আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্য ব্যাংক মালিকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং বিভিন্ন ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।