বাংলাদেশের মাটিতে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মতো বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় বলে অভিযোগ মিয়ানমারের। এই জঙ্গি ঘাঁটি নিয়ে সন্দেহ ও অবিশ্বাস রয়েছে দেশটির, অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন থেমে আছে। এসব কারণে দুই প্রতিবেশী বাংলাদেশ ও মিয়ানমারের সম্পর্ক এগোচ্ছে না বলে মনে করেন ঢাকার কূটনীতিকেরা।
সম্পর্ক এগিয়ে নিতে নিরাপত্তা সহযোগিতাসহ সব বিষয় অন্তর্ভুক্ত করে মিয়ানমারের সঙ্গে সমন্বিত সহযোগিতার রূপরেখা চুক্তি সই কিংবা নিরাপত্তা সংলাপ শুরু করতে চায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ৩১ আগস্ট রোববার ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে বাংলাদেশ গুরুত্ব দেবে। রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন শুরু, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা ও ইয়াবা চোরাচালান বন্ধের মতো অমীমাংসিত বিষয়েও ঢাকা অগ্রাধিকার দেবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের অষ্টম বৈঠকে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও মিয়ানমারের উপপররাষ্ট্রমন্ত্রী থান খিয় নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেবেন। বৈঠকে যোগ দিতে থান খিয় আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন।
এ বিষয়ে পররাষ্ট্রসচিব সোমবার তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, বৈঠকে নিরাপত্তা সংলাপ, রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনের মতো বিষয়ের পাশাপাশি বর্ডার লিয়াজোঁ অফিস (বিএলও) চালু, বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগ-সংক্রান্ত বিষয়সহ দ্বিপক্ষীয় সহযোগিতার সব বিষয় নিয়ে আলোচনা হবে।
ঢাকার এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারবিরোধী গোষ্ঠীগুলো তৎপর বলে দেশটি সন্দেহ করে। গত জুনে দুই দেশের সীমান্তরক্ষীদের বৈঠকেও বাংলাদেশে আরএসওর ঘাঁটি থাকার বিষয়টি তোলে মিয়ানমার।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ মঙ্গলবার বলেন, বাংলাদেশের ২৮টি স্থানে আরএসওর শিবিরের একটি তালিকা জুনে মিয়ানমার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। তালিকা অনুযায়ী ২০ থেকে ২৩ জুলাই বান্দরবান ও কক্সবাজারের ২৮টি স্থানে সেনাবাহিনী ও বিজিবি পৃথক অনুসন্ধান চালিয়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের অস্তিত্ব পায়নি। মিয়ানমারকে তা জানানো হয়েছে।
বিএলও চালুতে আগ্রহ: সন্ত্রাসবাদ, অস্ত্র, মাদক, মানব ও মুদ্রা পাচার রোধসহ আন্তসীমান্ত অপরাধ দমনে প্রতিবেশী চীন ও লাওসের সঙ্গে বিএলও (সীমান্ত-সংযোগ রক্ষাকারী দপ্তর) চালু করেছে মিয়ানমার। ভারতের সঙ্গেও বিএলও চালু করতে যাচ্ছে। মিয়ানমার একই ধরনের কাঠামো বাংলাদেশের সঙ্গেও করতে আগ্রহী।
জুনে দুই দেশের সীমান্তরক্ষীদের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে দেশটি এ নিয়ে প্রস্তাব দিলে নীতিগত সম্মতি দেয় বাংলাদেশ। কক্সবাজার ও রাখাইন রাজ্যে বিএলও স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ প্রসঙ্গে বিজিবির মহাপরিচালক বলেন, ‘আন্তসীমান্ত অপরাধ দমনে মিয়ানমারের প্রস্তাবটিকে গঠনমূলক মনে হয়েছে।’
থেমে আছে শরণার্থী প্রত্যাবাসন: কক্সবাজারের দুটি শরণার্থী শিবিরে থাকা প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন স্থানে থাকা মিয়ানমারের তিন থেকে পাঁচ লাখ অনুপ্রবেশকারী বাংলাদেশের জন্য আর্থসামাজিক সমস্যা সৃষ্টি করেছে। কূটনীতিকেরা মনে করেন, আড়াই দশকের এ সমস্যা না মিটলে দুই দেশের সম্পর্ক কতটা নিবিড় হবে, সে নিয়ে সংশয় থেকে যাবে। ২০০৫ সাল থেকে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন বন্ধ রয়েছে। মিয়ানমার রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া আবার শুরু করতে ২০১০ সালে তৈরি ছিল। কিন্তু ওই বছরের জুনে রাখাইন রাজ্যে জাতিগত সংঘাত শুরু হলে এই প্রক্রিয়া আবার থমকে যায়।