রোহিঙ্গাদের অন্যত্রে সরানোর প্রক্রিয়া চলছে
কক্সবাজারের টেকনাফে গতকাল বৃহস্পতিবার দুপুরে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, রোহিঙ্গাদের অন্যত্র সরানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, শরণার্থী শিবির ও পার্শ্ববর্তী স্থানে বসবাসরত রোহিঙ্গারা কৌশলকে কাজে লাগিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে এসব জায়গায় আশ্রয় নিয়ে ইয়াবা ব্যবসা, মানব পাচার, ডাকাতি, খুনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের পাশাপাশি জেলার শ্রমবাজার দখল নিয়েছে।
মোফাজ্জল হোসেন চৌধুরী উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় উক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদি, জেলা প্রশাসক রুহুল আমিন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ফরিদ উদ্দিন ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, ইউএনও শাহ মোজাহিদ উদ্দিন ও রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ জালাল উদ্দিন প্রমুখ।