রোহিঙ্গাদের অবস্থা দেখতে আনান কমিশন ঢাকায়
মিয়ানমার থেকে বাংলাদেশে নতুন করে আসা রোহিঙ্গাদের সর্বশেষ অবস্থা জানতে কফি আনান কমিশনের এক প্রতিনিধিদল গতকাল শনিবার ঢাকায় এসেছে। তিন সদস্যের প্রতিনিধিদলটি কক্সবাজারে গিয়ে সরেজমিনে রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবে। এরপর ঢাকায় ফিরে এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কথা বলবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল শনিবার প্রথম আলোকে জানান, রাখাইন রাজ্যবিষয়ক পরামর্শক কমিশন যা রাখাইন কমিশন নামেই ব্যাপকভাবে পরিচিত তার তিন সদস্য উইন ম্রা, আই লুইন ও ঘাশান সালামে গতকাল বিকেলে ঢাকায় এসেছেন। তাঁদের মধ্যে প্রথম দুজন সন্ধ্যায় এবং অন্যজন দুপুরে ঢাকায় পৌঁছান। সফরের শুরুতে আজ রোববার তাঁদের কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। সেখানে গিয়ে নতুন আসা রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জেলা প্রশাসন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তাঁরা। ১ ফেব্রুয়ারি ঢাকা ছাড়ার আগে রাখাইন কমিশনের তিন সদস্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেবেন।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী গত ৯ অক্টোবর রাখাইনে রোহিঙ্গাদের ওপর সশস্ত্র বাহিনীর নিপীড়ন শুরুর পর থেকে এ পর্যন্ত মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর অন্তত ৬৬ হাজার সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উইন ম্রা, আই লুইন ও ঘাশান সালামে বাংলাদেশ ঘুরে রোহিঙ্গাদের সম্পর্কে যা দেখেছেন ও শুনেছেন, তার ওপর ভিত্তি করে কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের দপ্তরে একটি মূল্যায়ন প্রতিবেদন দেবেন।