রোহিঙ্গাদের উন্নত সেবা দিতে ঠেঙ্গার চরে সরানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের উন্নত মানবিক সেবা দিতে নোয়াখালীর ঠেঙ্গার চরে সরিয়ে নেওয়া হবে। এ ছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু ওই জনগোষ্ঠীর এখানকার লোকজনের সঙ্গে মিশে যাওয়া বন্ধ করাটাও হাতিয়া উপজেলার ওই চরে তাদের সরিয়ে নেওয়ার অন্যতম প্রধান কারণ।
গতকাল বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম রোহিঙ্গাদের ঠেঙ্গার চরে সরিয়ে নেওয়ার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত সম্পর্কে এই মন্তব্য করেন।
শাহরিয়ার আলম বলেন, কুতুপালংয়ের শিবিরের ধারণক্ষমতা ৩০ হাজার হলেও সেখানে এখন তিন লাখ লোক অবস্থান করছে। ফলে কক্সবাজার ও উখিয়ায় পরিবেশের পাশাপাশি সামাজিক ও প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। এ ছাড়া তাদের স্বাস্থ্যগত সেবা দেওয়াও সম্ভব হচ্ছে না। শিবিরের পরিবেশ এতটা খারাপ যে সেটিকে ভালো করার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বাঙালি সমাজের সঙ্গে মিশে গেছে। তাই রোহিঙ্গাদের চিহ্নিত করতে স্থানীয় প্রতিনিধি ও জনপ্রতিনিধিদের নিয়ে স্থানীয় কমিটি করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই ডেটাবেইস তৈরি হয়ে যাবে। এটি তৈরি হলে মিয়ানমার সরকারের সঙ্গে কাজ করতে সুবিধা হবে।