রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ও মিয়ানমারে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার ফরিদপুরে মানববন্ধন হয়েছে।
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে ভোলায়ও মানববন্ধন ও পথসভা হয়েছে।
ফরিদপুর শহরে প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন করা হয়। শিক্ষার্থীদের সংগঠন হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এইচডিও) এর আয়োজন করে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন আয়োজক সংগঠনের আহ্বায়ক মামুন আহমেদ, সদস্য সাব্বির হোসেন, নূরুল ইসলাম, হেলাল শেখ প্রমুখ।
‘জাতিগত দ্বন্দ্ব নয়, সবাই মিলে সুন্দর সমাজ গড়তে চাই’ আহ্বান জানিয়ে বক্তারা বিভিন্ন দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তাঁরা মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় বিশ্ববাসীকে তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এদিকে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও হত্যা বন্ধের দাবিতে ভোলা শহরের সদর সড়কে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন ও পথসভা হয়েছে। হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম নামের একটি সংগঠন এর আয়োজন করে। এর সঙ্গে যোগ দেয় বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, অধিকার ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
মানববন্ধন শেষে পথসভা হয়। এতে বক্তব্য দেন জাসদের সভাপতি মো. শাজাহান, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার প্রভাষক আইয়ুব আলী, ভোলা মহিলা পরিষদের সভানেত্রী হোসনে আরা প্রমুখ।
সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অবিনাশ নন্দী বলেন, মিয়ানমারে মানুষকে কীভাবে পুড়িয়ে মারা হচ্ছে। এ কেমন মানবতা! জাতিসংঘের মহাসচিব বান কি মুন কী করে চুপ আছেন! আমরা অতিসত্বর ভারত ও চীনের সীমান্ত খুলে দেওয়ার দাবি করছি।