রোহিঙ্গাদের ওপর নৃশংসতা বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য ইরান সরকার মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এব্রাহিম রাহিমপোর। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোহিঙ্গাদের জন্য আনা ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গাদের ওপর নৃশংসতা বন্ধ করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিকেলে ইরানের একটি উড়োজাহাজ ৪১ টনের বেশি ত্রাণ নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, রান্নার হাঁড়ি-পাতিল, ভোজ্যতেল, চিনি, চা-পাতা, ওষুধসহ বিভিন্ন পণ্য। ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে সাংসদ মইন উদ্দীন খান বাদল, ইরানের এক নারী সাংসদ, বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আব্বাস ভায়েজি এবং চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য এবং সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞ ইরান।