মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর অভিযানের কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ চলছে। গত সোমবার রাত ১০টা থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত দুটি উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা ৩৭ রোহিঙ্গাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মিয়ানমারে ফেরত পাঠান। ওই সময়ের মধ্যে নাফ নদীর বাংলাদেশ সীমানার মধ্যে প্রবেশের চেষ্টা করা ছয়টি নৌকা ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকায় গড়ে ১৮ থেকে ২০ জন রোহিঙ্গা ছিল।
উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, উপজেলার পালংখালী এবং রেজুখাল যৌথ তল্লাশিচৌকির পয়েন্ট দিয়ে ১৩ শিশু, ১৪ নারী, ১০ জন পুরুষসহ মোট ৩৭ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করেন। তাঁদের মিয়ানমারে ফিরতে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে গত সোমবার রাত ১০টা থেকে গতকাল ভোর ছয়টা পর্যন্ত টেকনাফের ঝিমংখালী, মোচনি, লেদা ও দমদমিয়া সীমান্ত এলাকা দিয়ে ছয়টি নৌকায় করে (প্রতিটিতে ১৮-২০ জন) রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করেন বলে জানান টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী। তিনি বলেন, সব কটি নৌকাকে মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয়েছে।