রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী জাহাজ চট্টগ্রামে ভিড়ছে আজ
মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজ নটিক্যাল আলিয়া আজ মঙ্গলবার ভিড়ছে চট্টগ্রাম বন্দরের জেটিতে।
এই ত্রাণসামগ্রী আনা হয়েছে মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আসা রোহিঙ্গাদের জন্য।
বন্দর পর্ষদের সদস্য জাফর আলম প্রথম আলোকে জানান, মঙ্গলবার সকালে জোয়ারের সময় জাহাজটি বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনালে ভেড়ানো হবে। তিনি জানান, জাহাজটিতে ১৬ কনটেইনার ও ১ হাজার ৪০০ টন ত্রাণসামগ্রী আছে।
বন্দর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জাহাজটি জেটিতে ভেড়ানোর পর ত্রাণসামগ্রী নামিয়ে হস্তান্তর করা হবে। এ জন্য জেটিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খালাস করা ত্রাণসামগ্রী বন্দর থেকে সড়কপথে টেকনাফে নেওয়া হবে।
জাহাজটিতে আছে ৮ লাখ ডলার মূল্যের খাদ্যসামগ্রী, ৫০ লাখ ডলার মূল্যের কাপড়চোপড় ও সাড়ে ৩ লাখ ডলার মূল্যের অন্যান্য জিনিসপত্র। জাহাজে আছেন ১৩টি দেশের দুই শতাধিক স্বেচ্ছাসেবক, চিকিৎসক দল ও সংবাদকর্মী।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে এসব ত্রাণসামগ্রী টেকনাফ ও উখিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হবে।
বিদেশি গণমাধ্যমের খবরে বলা হয়, ৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ার জাহাজটি থেকে মিয়ানমারের ইয়াঙ্গুনে রোহিঙ্গাদের জন্য প্রায় ৫০০ মেট্রিক টন ত্রাণ হস্তান্তর করা হয়। সেখান থেকে জাহাজটি কক্সবাজারের দিকে যাত্রা করে।
জেলা প্রশাসন ও বন্দর সূত্র জানায়, জাহাজটি গতকাল সোমবার বাংলাদেশের জলসীমায় পৌঁছায়। প্রথমে কুতুবদিয়ায় জাহাজটি থেকে ত্রাণসামগ্রী লাইটার জাহাজে স্থানান্তর করে চট্টগ্রামের সদরঘাটে খালাস করার কথা ছিল। এ জন্য ওয়াটার ট্রান্সপোর্ট সেল থেকে দুটি লাইটার জাহাজ রোববার গভীর রাতে কুতুবদিয়ায় পৌঁছে। তবে বন্দরের জেটিতে ভেড়ানোর অনুমতি পাওয়ার কারণে কুতুবদিয়ায় লাইটার জাহাজে পণ্য স্থানান্তরের প্রয়োজন হয়নি। এ কারণে লাইটার জাহাজ দুটি ফেরত আনা হয় বলে জানান শিপ হ্যান্ডলিং অপারেটর গ্রিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এ কে এম শামসুজ্জামান।
মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর দমন অভিযানের মুখে অন্তত ৯০ হাজার রোহিঙ্গা টেকনাফ ও উখিয়ায় পালিয়ে এসেছে।
এদিকে মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজটির চট্টগ্রামের জলসীমায় জলদস্যুদের কবলে পড়ার আশঙ্কার বিষয়ে সতর্কতা জারি করেছে জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো। মালয়েশিয়াভিত্তিক মালয় মেইল অনলাইনের খবরে এ কথা জানানো হয়।