রোহিঙ্গাদের জন্য মালয়েশীয় ত্রাণের জাহাজ আসছে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজ আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নিপীড়নের শিকার হওয়া যেসব রোহিঙ্গা রাখাইনে আছে, তাদের জন্যও ত্রাণ বহনকারী জাহাজটি এখন ইয়াঙ্গুনের পথে।
কক্সবাজারের শিবিরে নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা দেখে কফি আনান কমিশনের অন্যতম সদস্য আই লুইন রাখাইনের সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনযাপনকে ‘পশুরও অধম’ হিসেবে মন্তব্য করেছেন। এক শিশুর কাছে তিনি জানতে চেয়েছিলেন সে খেয়েছে কি না। তাঁর সামনেই শিশুটি অঝোরে কেঁদেছে।
আই লুইনকে উদ্ধৃত করে মিয়ানমারের অনলাইন দ্য ইরাবতি গত শুক্রবার এই খবর জানিয়েছে। সহকর্মী ঘাশান সালামে ও উইন ম্রাকে সঙ্গে নিয়ে ও ইসলামিক সেন্টার অব মিয়ানমারের প্রধান আহ্বায়ক আই লুইন ২৮ থেকে ৩১ জানুয়ারি বাংলাদেশ সফর করে রোহিঙ্গাদের সম্পর্কে জেনেছেন ও শুনেছেন।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা ও সিঙ্গাপুরের টিভি চ্যানেল নিউজ এশিয়া গতকাল শনিবার পৃথক পৃথক খবরে জানিয়েছে, রোহিঙ্গাদের জন্য প্রায় ২ হাজার ২০০ টন ত্রাণ বহনকারী ‘নটিক্যাল আলিয়া’ নামের জাহাজটি গত শুক্রবার কুয়ালালামপুরের ক্লাং বন্দর থেকে যাত্রা শুরু করেছে। এটি মঙ্গলবার কিংবা বুধবার ইয়াঙ্গুনে পৌঁছাতে পারে।
সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজ নটিক্যাল আলিয়া ১০ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে পৌঁছাবে। এরপর আন্তর্জাতিক সংস্থাসহ স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ওই ত্রাণ রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হবে।
এদিকে বাংলাদেশের অন্য এক কর্মকর্তা সন্ধ্যায় এই প্রতিবেদককে জানিয়েছেন, মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হলেও সেটি টেকনাফ না চট্টগ্রামে নোঙর করবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি। আগামী দু-একদিনের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনার পর সেটি চূড়ান্ত করা হবে।
তবে তিনি আভাস দিয়েছেন, সবকিছু বিবেচনা করে জাহাজটিকে সেন্ট মার্টিন দ্বীপে নোঙর করানো হতে পারে। এরপর ছোট ছোট জাহাজে করে ত্রাণগুলো টেকনাফ ও উখিয়ায় পাঠানো যাবে।
কক্সবাজারের স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজ টেকনাফে নোঙর করাটা সময় ও খরচের দিক থেকে সাশ্রয়ী হবে। এ মুহূর্তে মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে টেকনাফের স্থল বন্দরের মাধ্যমে পণ্য আনা-নেওয়া করা হয়। এ ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে বড় জাহাজ নোঙরের ব্যবস্থা আছে। বিকল্প হিসেবে আছে শাহপরীর দ্বীপও। মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজটি কোথায় নোঙর করবে, সেটি নির্ভর করছে সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিতে বারনামা জানায়, টেকনাফের আশপাশে বসবাসরত শরণার্থীদের জন্য খাবার ও ওষুধ বিতরণের জন্য ওই জাহাজকে টেকনাফে নোঙরের অনুমতি দিয়েছে বাংলাদেশ। ক্লাং বন্দর থেকে যাত্রার পর জাহাজটি শুরুতে ইয়াঙ্গুনে ত্রাণসামগ্রী নামাবে। এরপর সেটি যাবে টেকনাফে। মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলামের সঙ্গে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমানের সৌজন্য সাক্ষাতের পর জাহাজটিকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
তুরস্কভিত্তিক তার্কি দিয়ানেত ভাকফি (টিডিভি) ফাউন্ডেশনের সহযোগিতায় পুতেরা ওয়ান মালয়েশিয়া ক্লাব ও মালয়েশিয়ান কনসালটেটিভ কাউন্সিল অব ইসলামিক অর্গানাইজেশন (এমএপিআইএম) মিয়ানমারের জন্য জাহাজে করে ত্রাণ সরবরাহের কাজটি করছে। ত্রাণ সরবরাহের জন্য জাহাজটিতে ১৩ দেশের প্রায় ২৩০ জন স্বেচ্ছাসেবী আছেন। তাঁদের মধ্যে রাজনৈতিক দলের কর্মী, চিকিৎসক, সাংবাদিক ও বেসরকারি সাহায্য সংস্থার প্রতিনিধি রয়েছেন।
বাংলাদেশে নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে আই লুইন দ্য ইরাবতিকে বলেন, ‘যে জায়গায় তারা থাকছে, মানুষের কথা বাদ দিন, তা পশুদের জন্যও অযোগ্য। এক শিশুকে খেয়েছে কি না জানতে চাইলে সে শুধু কেঁদেছে।’