জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ইয়াংঘি লি গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। এ সময় তিনি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছ থেকে নির্যাতন-নিপীড়নের বর্ণনা শোনেন।
শিবির পরিদর্শন শেষে ইয়াংঘি লি সাংবাদিকদের বলেন, আগামী ১৩ মার্চ তাঁর সফরসম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করা হতে পারে। প্রতিবেদনে রোহিঙ্গা সমস্যা বিষয়ে পাওয়া সব তথ্য উল্লেখ করা হবে।
রোহিঙ্গাদের অবস্থা দেখতে ইয়াংঘি লি গত মঙ্গলবার কক্সবাজারে আসেন। গত তিন দিনে তিনি উখিয়ার কুতুপালং শিবির ছাড়াও টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীশিবির, লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবির ও উখিয়ার অনিবন্ধিত বালুখালী রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। গত মঙ্গলবার রাতে তিনি কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে রোহিঙ্গাদের বিষয় নিয়ে বৈঠক করেন।
এর আগে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের পর সেখানকার পরিস্থিতি দেখতে গত মাসের ৯ থেকে ২১ তারিখ মিয়ানমার সফর করেন ইয়াংঘি লি।
জেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটায় জাতিসংঘের এই বিশেষ দূত সড়কপথে উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে পৌঁছান। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সদ্য পালিয়ে আসা ৩০ জনের মতো রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। এ সময় রোহিঙ্গারা বলেন, মিয়ানমার সরকার নাগরিকত্ব দিলে পালিয়ে আসা সব রোহিঙ্গা নিজ দেশে ফিরে যাবে। কিন্তু মিয়ানমার তাতে রাজি হবে কি না সন্দেহ। এ ব্যাপারের মিয়ানমারের ওপর জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের চাপ বাড়ানো উচিত।
গত বুধবার জাতিসংঘের বিশেষ দূত উখিয়ার বালুখালী অনিবন্ধিত শিবির পরিদর্শনে গেলে রোহিঙ্গারা তাঁকে একটি চিঠি দেন। চিঠিতে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর অত্যাচার-নির্যাতনের বর্ণনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, রাখাইন রাজ্যের একটিমাত্র গ্রামে গত চার মাসে ৪২ জনকে হত্যা করা হয়েছে। ধর্ষণের শিকার হয়েছেন ৩৬ নারী।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, রোহিঙ্গা শিবির পরিদর্শনের পাশাপাশি জাতিসংঘের বিশেষ দূত জেলা প্রশাসনের সঙ্গেও রোহিঙ্গা ইস্যুতে বৈঠক করেছেন। বৈঠকে তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতা ও মিয়ানমার সফরের বিস্তারিত তুলে ধরেন। মিয়ানমারের অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন তিনি।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী মিয়ানমারের সশস্ত্র বাহিনী গত বছরের ৯ অক্টোবর থেকে দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন, নির্বিচারে লোকজনকে হত্যা, ধর্ষণের পাশাপাশি তাদের ঘরবাড়ি পুড়িয়েছে ও সহিংসতা ছড়িয়েছে। এর ফলে এ পর্যন্ত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে।