রোহিঙ্গাদের প্রতি সহিংসতা বন্ধ করতে বলল ওআইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গাদের প্রতি সহিংসতা ও বঞ্চনা বন্ধের জন্য মিয়ানমারকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বলেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। ৫৭টি মুসলিম দেশের এই জোট মিয়ানমারের ১৯৮২ সালের নাগরিকত্ব আইনে পরিবর্তন এনে রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে দেশটির কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে।

মিয়ানমারের রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক শেষে প্রচারিত ১০ দফা ইশতেহারে এই আহ্বান জানানো হয়েছে। ওআইসির ওয়েবসাইট থেকে সন্ধ্যায় এ তথ্য জানা গেছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই বিশেষ বৈঠক হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাককে উদ্ধৃত করে দেশটির নিউ স্ট্রেইট টাইমস পত্রিকা বলেছে, ওই বৈঠক উদ্বোধনকালে রোহিঙ্গাদের প্রতি সহিংসতা অবিলম্বে বন্ধের জন্য
তিনি মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন। নাজিব রাজাক বলেছেন, ‘মিয়ানমারের বন্ধু হিসেবে হৃদয়ের গভীর থেকে বলছি, এই সমস্যা (রাখাইনে) সমাধানের এখনই সময়। সমাধানের শুরু হিসেবে অবশ্যই হত্যা, ঘরবাড়ি পোড়ানো, নারী ও মেয়েদের নিপীড়ন বন্ধ করতে হবে। মানুষ হিসেবে তাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া বন্ধ করতে হবে।’

ওআইসির বিশেষ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, রাখাইন রাজ্যের মুসলিম জনগোষ্ঠী তাদের পূর্বপুরুষের ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়ে বারবার বাধ্য হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর ফলে অস্থিরতা সৃষ্টি হওয়ায় তিনি গভীর উদ্বেগ জানান। বাংলাদেশে নতুন করে আশ্রয়ের জন্য আসা রাখাইনের মুসলিমদের প্রসঙ্গ টেনে তিনি অবিলম্বে রাজ্যটিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার এবং পুনর্বাসন ও পুনর্গঠনের পদক্ষেপ নেওয়ার দাবি জানান। সমস্যার টেকসই সমাধানের জন্য তিনি রাখাইনের মুসলিমদের মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন। এ প্রসঙ্গে মিয়ানমারের এখনকার নাগরিকত্ব আইনে পরিবর্তন এনে তাদের নাগরিকত্ব দিতে বিশেষভাবে আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও অন্য দেশ থেকে মিয়ানমারের সব শরণার্থী এবং নিবন্ধিত ও অনিবন্ধিত নাগরিকদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করে টেকসই উপায়ে তাদের জন্মভূমিতে ফিরিয়ে নিতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ওআইসিকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।

মিয়ানমার-বিষয়ক ওআইসির বিশেষ দূত সৈয়দ হামিদ আলবার রোহিঙ্গাদের এখনকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে তিনি রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সহিংসতার মাধ্যমে ‘শাস্তি’ দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি মিয়ানমারের সঙ্গে মানবাধিকার কাউন্সিলসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধে মিয়ানমারের প্রতি আহ্বান জানান তিনি।

ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমান রাখাইনে রোহিঙ্গাদের মানবিক ত্রাণসহায়তা বিলির অনুমতি দিতে এবং রোহিঙ্গাদের ওপর সহিংসতা তদন্তের জন্য মিয়ানমারকে অনুরোধ জানান।

বৈঠকের পর গৃহীত ইশতেহারে বলা হয়েছে, রাখাইনে সহিংসতার ফলে নিরীহ লোকজনের প্রাণহানি ও হাজার হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে পড়ায় বৈঠক গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে শান্তি ফিরিয়ে আনতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সহিংসতার জন্য অভিযুক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিচারের আওতায় আনা নিশ্চিত করতেও বলা হয়েছে।

রোহিঙ্গা সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবাধিকার-বিষয়ক সনদের বাধ্যবাধকতা মেনে মিয়ানমারকে রোহিঙ্গা মুসলিমদের প্রতি সহিংসতা ও বঞ্চনা রোধে সব পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তাদের সংস্কৃতি-পরিচয় অস্বীকারের অব্যাহত চেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে ওআইসি। রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য ওআইসি এর মূলে যাওয়ার আহ্বান জানিয়েছে। এ জন্য রোহিঙ্গাদের আবারও নাগরিকত্ব ফিরিয়ে দিতে (যা কেড়ে নেওয়া হয়েছে ১৯৮২ সালের নাগরিকত্ব আইনে) মিয়ানমারকে অনুরোধ জানিয়েছে ওআইসি।

রাখাইনে মানবিক পরিস্থিতির যাতে আরও বিপর্যয় না হয়, তা রোধ করতে মিয়ানমারকে অনুরোধ জানিয়েছে ওআইসি। এ জন্য সেখানকার ক্ষতিগ্রস্ত লোকজনের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায় এবং ওআইসিকে সহযোগিতা দিতে বলেছে। ওআইসির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে রাখাইনের স্থানীয় কর্মকর্তা ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার অনুমতি পেতে মহাসচিবকে মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার অনুরোধ জানানো হয়েছে। রোহিঙ্গাদের মিয়ানমারের সমাজের মূলধারায় যুক্ত করার প্রয়াসে আন্ত-ধর্ম ও আন্ত-সম্প্রদায় সংলাপ বাস্তবায়নের জন্য ওআইসির মহাসচিবকে জাতিসংঘ ও আসিয়ানকে নিয়ে যৌথ উদ্যোগ নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া রোহিঙ্গা মুসলিমদের পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণের জন্য ওআইসির স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশনকে উৎসাহিত করতে বলা হয়েছে।