রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার স্বেচ্ছাসেবী দলের সদস্যদের নেতৃত্বে গতকাল কক্সবাজারের টেকনাফে লেদায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয় l ছবি: প্রথম আলো
মালয়েশিয়ার স্বেচ্ছাসেবী দলের সদস্যদের নেতৃত্বে গতকাল কক্সবাজারের টেকনাফে লেদায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয় l ছবি: প্রথম আলো

রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া থেকে আনা ত্রাণসামগ্রী বিতরণ শুরু হয়েছে। গতকাল বুধবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩টি রোহিঙ্গাশিবিরের ১৫০টি পরিবারকে ত্রাণ দেওয়া হয়।

মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজ নটিক্যাল আলিয়ায় করে আসা ২৫ সদস্যের একটি দল রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করে। প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন মালয়েশিয়ার এমপি আবদুল আজিজ বিন আবদুল রহিম।

পুলিশ ও জেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে মালয়েশিয়ার প্রতিনিধিদলের সদস্যরা উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গাশিবিরে পৌঁছান। এরপর তাঁরা সেখানকার ৫০টি রোহিঙ্গা পরিবারের মাঝে (প্রতি পরিবারের সদস্য পাঁচ থেকে সাতজন) ত্রাণসামগ্রী তুলে দেন।

মালয়েশিয়ার প্রতিনিধিদলের সদস্যরা কুতুপালং অনিবন্ধিত শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের অবস্থা দেখেন। ত্রাণসামগ্রী বিতরণের সময় আবদুল আজিজ বিন আবদুল রহিম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গারা প্রাণের ভয়ে সবকিছু ফেলে বাংলাদেশে পালিয়ে এসেছে। বাংলাদেশ অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মহানুভবতা দেখিয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় কমিটির প্রধান ও কক্সবাজারের অতিরিক্তি জেলা প্রশাসক সাইফুল ইসলাম মজুমদার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বি এম এম মাজহারুল হক, রেড ক্রিসেন্টের পরিচালক নাজমুল আজম খান এবং উখিয়া ইউএনও মো. মাঈন উদ্দিন।

দুপুর সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ার প্রতিনিধিদলের সদস্যরা উখিয়ার বালুখালী এলাকার আরেকটি অনিবন্ধিত রোহিঙ্গাশিবিরে যান। সেখানে তাঁরা ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। বেলা সাড়ে ৩টার দিকে টেকনাফের লেদা অনিবন্ধিত শিবিরের ৫০টি রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, খাদ্যশস্য, ভোজ্যতেল, কম্বলসহ ৩৫ ধরনের পণ্য। বিতরণ করা ত্রাণসামগ্রী দিয়ে একটি রোহিঙ্গা পরিবারের দুই মাসের চাহিদা পূরণ হবে।

ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয় কমিটির প্রধান সাইফুল ইসলাম মজুমদার বলেন, পর্যায়ক্রমে টেকনাফের সাড়ে ৫ হাজার ও উখিয়ায় সাড়ে ৯ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

বি এম এম মাজহারুল হক বলেন, চট্টগ্রাম বন্দরে নটিক্যাল আলিয়া থেকে খালাস করা কিছু ত্রাণসামগ্রী গতকাল সকালে উখিয়া ও টেকনাফে আনা হয়। বাকি ত্রাণসামগ্রী চট্টগ্রাম থেকে উখিয়া ও টেকনাফের খাদ্যগুদামে আনা হচ্ছে।