রোহিঙ্গাদের রক্ষা করার দাবি
মিয়ানমারে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর দেশটির সরকারি বাহিনীর নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে গতকাল শুক্রবার বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ হয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: দুপুরে জেলা শহরের জনতা ব্যাংকের মোড় থেকে ইমাম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলকারীরা প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে জুমার নামাজ শেষে মুসল্লিরা এসে মিছিল ও সমাবেশে যোগ দেন। সমাবেশে ইমাম কল্যাণ ফাউন্ডেশনের জেলা সভাপতি কেরামত আলী সভাপতিত্ব করেন। একই সময়ে সদরের কৈজুরি ও কানাইপুর ইউনিয়নের ‘তৌহিদী জনতা’ চুঙ্গির মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
সমাবেশে বক্তারা রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে ঠেলে দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে সরকারের প্রতি এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কুষ্টিয়া: মেহেরপুর জেলার গাংনী বাসস্ট্যান্ডে জুমার নামাজের পর মানববন্ধন করা হয়। গাংনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। মানববন্ধনে শহরের কয়েকটি মসজিদের কয়েক শ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রাজবাড়ী: বেলা তিনটার দিকে জেলা ইমাম কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মুসল্লিরা সমবেত হন। সেখান থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সমাবেশ হয়।
বাউফল(পটুয়াখালী):বাউফল পৌরসভা ইমাম সমিতি বাদ জুমা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। কিন্তু পুলিশের বাধার কারণে তা পণ্ড হয়ে যায়। পরে সহস্রাধিক মুসল্লি বাউফল থানা মসজিদের সামনে সমাবেশ করেন। এতে সভাপতিত্ব করেন পৌরসভা ইমাম সমিতির সভাপতি আবু জাফর। বক্তারা আগে থেকে অনুমতি নেওয়া মিছিলে বাধা দেওয়ায় প্রশাসনের সমালোচনা করেন এবং শরণার্থী রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার দাবি জানান।