রোহিঙ্গাদের সুরক্ষায় জোরদার হচ্ছে আন্তর্জাতিক প্রয়াস
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের সুরক্ষায় জাতিসংঘের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়াস জোরদার হচ্ছে। রাখাইনে রোহিঙ্গাদের ওপর সাম্প্রতিক নিপীড়নের ঘটনায় সেখানকার পরিস্থিতি দেখার পর এবার তাদের অবস্থা জানতে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মিয়ানমারের মানবাধিকারবিষয়ক বিশেষ র্যা পোর্টিয়ার ইয়াংঘি লি।
আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে ইয়াংঘি লির বাংলাদেশে আসার কথা। রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে দেখতে কাল শনিবার বাংলাদেশে আসছে রাখাইন রাজ্যবিষয়ক পরামর্শক কমিশনের একটি প্রতিনিধিদল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এই প্রতিবেদককে বলেন, জাতিসংঘ ও রাখাইন কমিশনের অনুরোধে বাংলাদেশ এ দুই সফরের অনুমতি দিয়েছে।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স গতকাল বিকেলে বলেন, দিনক্ষণ চূড়ান্ত না হলেও ইয়াংঘি লির ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসার কথা রয়েছে।
অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে কয়েক দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মিয়ানমারের মানবাধিকারবিষয়ক বিশেষ র্যা পোর্টিয়ার ইয়াংঘি লি। এই সফরের সময় তিনি কক্সবাজারে সরেজমিনে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখবেন। এ ছাড়া তিনি সরকারের কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীসহ দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
রোহিঙ্গাদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স গতকাল পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে আলোচনা করেন। ওই বৈঠকের পর রবার্ট ওয়াটকিন্স সাংবাদিকদের বলেন, সম্প্রতি মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘ কীভাবে কাজ করতে পারে, তা নিয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘রোহিঙ্গারা অত্যন্ত মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। কাজেই তাদের পরিস্থিতির উন্নতির জন্য কাজ করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
ইয়াংঘি লির প্রস্তাবিত বাংলাদেশ সফর সম্পর্কে জানতে চাইলে রবার্ট ওয়াটকিন্স বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনারের সত্যানুসন্ধানী মিশনের প্রতিনিধি হিসেবে ইয়াংঘি লি মিয়ানমারে ১২ দিনের সফর শেষ করেছেন। কক্সবাজার সফরে এসে তিনি নিজের চোখে পরিস্থিতি দেখবেন। যেহেতু তিনি মিয়ানমার সফর করেছেন, বাংলাদেশে এসে পরিস্থিতিকে মিলিয়ে দেখার সুযোগ পাবেন।
এদিকে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন রাখাইন রাজ্যবিষয়ক পরামর্শক কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল চার দিনের সফরে শনিবার বাংলাদেশে আসছে। প্রতিনিধিদলের সদস্যরা হচ্ছেন উইন ম্রো, আই লুইন ও ঘাশান সালামে। সফরের শুরুতে প্রতিনিধিদলটি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখবে। এরপর ঢাকায় ফিরে কয়েকটি বৈঠক করবেন।
গত সেপ্টেম্বরে রাখাইন কমিশন নামে পরিচিত রাখাইন রাজ্যবিষয়ক পরামর্শক কমিশন গঠন করা হয়। মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে প্রধান করে ৯ সদস্যের ওই কমিশন গঠন করেন। জেনেভাভিত্তিক কফি আনান ফাউন্ডেশনের সহায়তায় গঠিত ওই কমিশন রাখাইন রাজ্যের জনগণের কল্যাণে এ বছরের কোনো এক সময়ে সুনির্দিষ্ট কিছু সুপারিশ করবে। রাখাইনে রোহিঙ্গাদের ওপর সশস্ত্র বাহিনীর অভিযানের পর আনান সম্প্রতি ওই রাজ্য সফরে যান।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী গত ৯ অক্টোবরের পর রাখাইনে রোহিঙ্গাদের ওপর সশস্ত্র বাহিনীর নিপীড়ন শুরু হলে জানুয়ারির প্রথমার্ধ পর্যন্ত মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের অন্তত ৬৬ হাজার সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
এদিকে সম্প্রতি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়ার কয়েকটি সাহায্য সংস্থার ত্রাণ সহায়তা নেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। বাংলাদেশের অনুমতি পেলে আগামী মাসের প্রথম ভাগে সমুদ্রপথে তা কক্সবাজারে পেঁৗছাতে পারে।