রোহিঙ্গাদের ৬ নৌকা ফেরত পাঠাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদী ও স্থল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করা মিয়ানমারের ছয়জন রোহিঙ্গা এবং রোহিঙ্গাদের বহনকারী ছয়টি নৌকা (প্রতিটিতে ১২-১৫ জন) সে দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে।

উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, উখিয়া সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় এক নারী, পাঁচ শিশুসহ ছয়জন রোহিঙ্গাকে আটক করে আবার মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয়েছে।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, টেকনাফের দুটি সীমান্ত পয়েন্ট দিয়ে ছয়টি নৌকায় করে অনুপ্রবেশের চেষ্টা করে রোহিঙ্গারা। প্রতিটি নৌকায় নারী, শিশুসহ ১২-১৫ জন ছিল। পরে তাদের মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর সহিংস অভিযানের কারণে কয়েক সপ্তাহ ধরে সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চলছে।