রোহিঙ্গাবোঝাই আরও সাত নৌকা ফেরত পাঠাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদী পেরিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা রোহিঙ্গাবোঝাই আরও সাতটি নৌকাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রতিটি নৌকায় ১৫-১৮ জন করে রোহিঙ্গা ছিল। যাদের বেশির ভাগই ছিল নারী ও শিশু।

গত মঙ্গলবার গভীর রাত থেকে গতকাল বুধবার সকাল আটটা পর্যন্ত কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং, হ্নীলা ও দমদমিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে এসব নৌকা অনুপ্রবেশের চেষ্টা চালায়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর অভিযানের কারণে কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চলছে।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, অনুপ্রবেশের চেষ্টা করা সব কটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেন, সীমান্তের যেসব এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চলছে তা চিহ্নিত করা হয়েছে। সেখানে টহল বাড়ানো হয়েছে। নৌ ও স্থলপথে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে বিজিবি।