নাফ নদী ও স্থলসীমান্ত অতিক্রম করে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা ১৯ রোহিঙ্গা ও রোহিঙ্গাবোঝাই ছয়টি নৌকাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রতিটি নৌকায় ১৫ থেকে ১৮ জন রোহিঙ্গা ছিল। যাদের বেশির ভাগই নারী ও শিশু। গত বৃহস্পতিবার রাত নয়টা থেকে গতকাল শুক্রবার সকাল সাতটা পর্যন্ত দুটি উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে তারা।
উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা ১৯ জন রোহিঙ্গার মধ্যে ৩ শিশু ও ১৪ নারী ছিল। তাদের আটক করে আবার মিয়ানমারে ফিরতে বাধ্য করা হয়। তিনি বলেন, ১ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত মোট ৭২ জন রোহিঙ্গাকে আটকের পর মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।
এদিকে নাফ নদী অতিক্রম করে ছয়টি নৌকায় প্রায় ১০০ জন রোহিঙ্গা টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। সব কটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয় বলে জানান টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী। তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনী অভিযান শুরু করার পর থেকে রোহিঙ্গারা ছোট ছোট নৌকায় করে নাফ নদী পেরিয়ে প্রায় প্রতিদিনই বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। যে কারণে সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক রয়েছে বিজিবি।