রোয়াংছড়িতে ধর্ষণের পর শিক্ষিকাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন৷ এর আগে দুর্বৃত্তরা ওই শিক্ষিকাকে ধর্ষণের পর হত্যা করে৷ গত শুক্রবার রাতে তাঁর লাশ উদ্ধার করা হয়৷
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অংজাইপাড়ার আনন্দ স্কুলের শিক্ষিকা উপ্রু মারমা (২৬) নির্জন পাহাড়ি পথ দিয়ে বাজারে যাচ্ছিলেন৷ এর পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না৷ শুক্রবার রাত ১০টার দিকে নেহ্রেতং পাহাড়ের িনচ থেকে তাঁর বিবস্ত্র ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়৷
এলাকাবাসী বলছেন, উপ্রু মারমাকে ধর্ষণের পর ইট দিয়ে মাথা থেঁতলে প্রায় ১০০ ফুট খাড়া পাহাড় থেকে নিচে ফেলে দেওয়া হয়৷
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার বিকেলে নিহত শিক্ষিকার লাশ থানায় নিয়ে আসা হলে শত শত আদিবাসী নারী থানা ঘেরাও করেন। এ সময় তাঁরা ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান৷
অংজাইপাড়ার উসাচিং মারমা, নিহত উপ্রুর বাবা মংপ্রুহা মারমা ও মা মেথুই বলেন, উপ্রু বাজারে যাওয়ার সময় তাঁর পেছনে পেছনে তারাচান তঞ্চঙ্গ্যা ওরফে দেবং ও কয়েকজন রোহিঙ্গা শ্রমিককে যেতে দেখা গেছে৷
স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল দুপুরের দিকে দেবংকে এলাকাবাসী আটক করেন৷ উপ্রুকে ধর্ষণের পর হত্যার কথা এলাকাবাসীর কাছে স্বীকার করেছেন দেবং৷ তিনি জানান, এ সময় তাঁর সঙ্গে দুজন রোহিঙ্গাও ছিলেন৷
জানা যায়, গতকাল দুপুরে রোয়াংছড়ি বাজার থেকে দুজন রোহিঙ্গাকে ধরে পিটুনি দেন এলাকাবাসী৷ এ সময় একজন রোহিঙ্গা পালিয়ে যান৷ গণপিটুনিতে মোসলেহ উদ্দিন (৪০) নামের অপর রোহিঙ্গা গুরুতর আহত হন৷ পুলিশ তঁাকে উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷ সেখান থেকে তাঁকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়৷ রাতে সেখানে তাঁর মৃত্যু হয়৷
পুলিশ সুপার (এসপি) দেবদাস ভট্টাচার্য বলেন, গ্রেপ্তার হওয়া দেবং বলেছেন, ঘটনার সময় দুজন রোহিঙ্গা তাঁর সঙ্গে ছিলেন৷