রোয়াইড় গ্রামজুড়ে গ্রেপ্তার-আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়াইড় গ্রামের পুরুষেরা। একটি মামলাকে কেন্দ্র করে পুলিশি হয়রানির ভয়ে গ্রামের বেশির ভাগ পুরুষ রাতে বাড়িতে থাকছেন না।
আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আহসান কবির গত বৃহস্পতিবার রাতে আক্কেলপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় আহসান কবির ও তাঁর লোকজনের ওপর হামলার অভিযোগ এনে ৬১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামি করা হয়। নাম উল্লেখ করা ৬১ আসামির ৪৪ জনই রোয়াইড় গ্রামের।
পুলিশ বৃস্পতিবার রাতেই অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে চার আসামিকে গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা যায়, রুকিন্দীপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আহসান কবির গত বৃহস্পতিবার রাতে ভান্ডারীপাড়া পূঁজামণ্ডপ পরিদর্শন শেষে তাঁর লোকজন নিয়ে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। পথে ভান্ডারীপাড়া জোড়া সেতুর কাছে তাঁদের ওপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে চারজন জখম হন।
রুকিন্দীপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরজন হলেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়া। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরদিন বিএনপির চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমান তাঁর প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন।
স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হকের বাড়ি রোয়াইড় গ্রামে। আর আওয়ামী লীগের প্রার্থীর করা মামলার আসামিদের অধিকাংশই রোয়াইড় গ্রামের বাসিন্দা।
গ্রামবাসির সঙ্গে কথা বলে জানা যায়, মামলার পরপরই পুলিশ এসে গ্রামের চার ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এখন প্রায় রাতেই পুলিশ আসছে। গ্রেপ্তারের ভয়ে অনেকে রাতে বাড়িতে থাকছেন না।
স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক দাবি করেন, মামলার আসামিরা সবাই তাঁর কর্মী-সমর্থক। নির্বাচনে তাঁকে বাধাগ্রস্ত করতেই তাঁর কর্মী-সমর্থকদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। তিনি এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
মামলা তদন্ত কর্মকর্তা এসআই আনিছুর রহমান বলেন, এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নিরীহ কাউকে হয়রানি করা হচ্ছে না।