রোয়ানুর প্রভাবে আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ভূখণ্ড অতিক্রম করা ঘূর্ণিঝড় ‘রোয়ানুর’ প্রভাবে আজ রোববার পটুয়াখালীতে কল্পনা রানী দাস (৭০) নামের আহত এক নারীর মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এ নিয়ে পটুয়াখালীতে দুজনসহ নিহত ব্য​ক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ২২।
গতকাল শনিবার সকালে পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামে গাছ চাপা পড়ে আহত হন কল্পনা রানী দাস ও তাঁর মেয়েজামাই সুধান্য দাস (৪৫)। তাঁদের দুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে আজ সকাল সাতটার দিকে কল্পনা রানীর মৃত্যু হয়। তাঁর বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। তাঁর স্বামীর নাম হীরালাল দাস।
নিহত নারীর পরিবার সূত্রে জানা গেছে, কল্পনা কয়েক দিন আগে জামাই সুধান্যর বাড়িতে বেড়াতে আসেন। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে গতকাল সকালে ঝোড়ো হাওয়ায় বসতঘরের ওপর একটি গাছ উপড়ে পড়লে ঘরটি বিধ্বস্ত হয়। এতে চাপা পড়ে কল্পনা ও সুধান্য আহত হন।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান কল্পনা রানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে নিহত কল্পনা রানীর পরিবারকে ২০ হাজার টাকা ও সুধান্যর চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেওয়া হচ্ছে।
এর আগে পটুয়াখালীর দশমিনা উপজেলায় ঝড়ে শুক্রবার রাতে ঘর চাপা পড়ে নয়া বিবি (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। প্রবল বাতাসে বিধ্বস্ত হয়েছে শতাধিক কাঁচা ঘরবাড়ি।