রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গতকাল রোববার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাহারুল ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুকে গুলি লেগে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।
এক দিন আগে গত শুক্রবার গয়টাপাড়া সীমান্তে দুখু মিয়া (২৮) নামের আরও এক ব্যক্তি নিহত হন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, গতকাল ভোরে রৌমারী দাঁতভাঙ্গা সীমান্তের কাছ দিয়ে ভারতের আসাম রাজ্যের বিএসএফ ৫৭ ব্যাটালিয়নের গুটলি সীমান্ত ফাঁড়ির টহলরত সদস্যরা গুলি ছোড়েন। এতে রৌমারী উপজেলার ছাটকড়াইবাড়ী গ্রামের বক্তার হোসেনের ছেলে বাহারুল ইসলামের বুকে গুলি লাগে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এ ঘটনায় একই গ্রামের সফিয়াল হক মুন্সির ছেলে জাকির হোসেন (৩০) আহত হন।
জামালপুর বিজিবির রৌমারী দাঁতভাঙ্গা সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার আবদুল আজিজ জানান, পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
রৌমারী থানার ওসি এ বি এম সাজেদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।