রৌমারীতে মা মেয়ে অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গত মঙ্গলবার মা ও মেয়ে অগ্নিদগ্ধ হয়েছেন। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের দিনমজুর বাচ্চু মিয়ার রান্নাঘর থেকে আগুন খড়ের বেড়ায় লাগে। মুহূর্তেই আগুন তাঁর রান্নাঘরসহ বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বসতঘরে বাচ্চু মিয়ার স্ত্রী জবেদা বেগম (৪০) ও মেয়ে বিলকিস বেগম (১৭) ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপে জবেদা ও বিলকিসের ঘুম ভেঙে যায়। এ সময় তাঁরা চিৎকার করতে থাকেন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে বিলকিসকে উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাচ্চু মিয়া বলেন, ‘বিলকিস যাদুরচর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়ে। তার অবস্থা ভালো না। আমি গরিব মানুষ। তাঁদের চিকিৎসার খরচ বহন করার মতো ক্ষমতা আমার নেই।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, আগুনে বিলকিসের শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া জবেদার শরীরেরও বিভিন্ন অংশ পুড়ে গেছে। জবেদাকে তাঁদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।