রৌমারীতে লটারিতে খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক নিয়োগ
কুড়িগ্রামের রৌমারীতে লটারির মাধ্যমে নির্বাচন করে খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক নিয়োগ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়।
জেলা খাদ্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বলেন, রৌমারী উপজেলার ছয়টি ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করতে পরিবেশক নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য ৮৫ জন আবেদন করেছিলেন। এর মধ্যে দুজনের আবেদন বাতিল করা হয়। পরে সবার সামনে লটারি করে ১৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে রৌমারী সদরে চারজন এবং যাদুচরে তিনজন পরিবেশক নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া বন্দবের, শৌমারী, চরশৌলমারী ও দাঁতভাঙ্গা ইউনিয়নে দুজন করে পরিবেশক নিয়োগ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ রুহুল আমিন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো. আবদুল জলিল, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন তালুকদার, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম প্রমুখ।