রোকেয়া আফজাল মেট্রো চেম্বারের সভাপতি পুনর্নির্বাচিত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও আরলিংকস লিমিটেডের চেয়ারপারসন রোকেয়া আফজাল রহমান মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
এমসিসিআইয়ের সভায় গতকাল সোমবার রোকেয়া আফজাল রহমানকে ২০১৪ সালের জন্য পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়। একই সঙ্গে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনিস এ খান নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
দেশের অন্যতম উদ্যোক্তা রোকেয়া আফজাল রহমানের আরলিংকস ছাড়াও আর আর কোল্ড স্টোরেজ লিমিটেড, আরিস হোল্ডিংস, ইমান কোল্ড স্টোরেজ, মিডিয়া ওয়ার্ল্ড, মাইডাস ফাইনান্সিং, মিডিয়া স্টার ও রিলায়েন্স ইনস্যুরেন্সে বিনিয়োগ আছে। এ ছাড়া তিনি বাংলাদেশ ফেডারেশন অব উইমেন্স এন্ট্রাপ্রেনিউরস, ব্র্যাক, মানুষের জন্য ফাউন্ডেশন ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট আছেন।
২০১৪ সালের জন্য মেট্রো চেম্বারের কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন: কুষ্টিয়া কোল্ড স্টোরেজের এমডি সৈয়দ তারেক মো. আলী, অ্যাডভান্সড কেমিক্যালসের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের এমডি তাবিত এম আওয়াল, ন্যুভিসটা ফার্মার চেয়ারম্যান আখতার মতিন চৌধুরী, রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্টের চেয়ারম্যান এ কে এম রফিকুল ইসলাম, পিকার্ড বাংলাদেশের এমডি মো. সাইফুল ইসলাম, টেকনোহ্যাভেন কোম্পানির এমডি হাবিবুল্লাহ এন করিম, রহমান রহমান হকের সিনিয়র পার্টনার আদিব এইচ খান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিন, পূবালী জুট মিলসের এমডি কামরান টি রহমান এবং বিডি ভেঞ্চার লিমিটেডের ভাইস চেয়ারম্যান মামুন রশিদ।