রোকেয়া পদক পাচ্ছেন ঝর্ণা ধারা চৌধুরী ও হামিদা বানু
ঝর্ণা ধারা চৌধুরী ও হামিদা বানু এবারের বেগম রোকেয়া পদক পাচ্ছেন। ৬ নভেম্বর ‘জাতীয় পুরস্কারসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভায় আলোচনার পর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ দুজন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে রোকেয়া পদক প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে। নারী শিক্ষার বিস্তার, নারী অধিকার প্রতিষ্ঠা এবং গ্রামবাংলার অসহায় ও দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁরা এ পদক পাচ্ছেন।
ঝর্ণা ধারা চৌধুরীর জন্ম ১৯৩৮ সালের ১৫ অক্টোবর লক্ষ্মীপুর জেলায়। তিনি নোয়াখালীতে অবস্থিত গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউটের পরিচালনা কমিটির সভাপতি। তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত।
অধ্যাপক হামিদা বানু ১৯৪০ সালের ২৩ জানুয়ারি চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। গতকাল সোমবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৯ ডিসেম্বর ওসমানী মিলনায়তনে এই দুই নারীর হাতে আনুষ্ঠানিকভাবে বেগম রোকেয়া পদক তুলে দেওয়া হবে। বিজ্ঞপ্তি।