রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার ব্যবসায় শিক্ষা ও গবেষণা বিষয়ে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে ব্যবসায় শিক্ষা অনুষদ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী প্রধান অতিথি হিসেবে সকালে এ সেমিনারের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মতিউর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের প্রধান রাজীব দাসগুপ্ত। আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক অভিনয় চন্দ্র সাহা, ভারতের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের প্রধান সমিরেন্দ্র নাথ ধর, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেবব্রত মিত্র ও কনক কান্তি বাগচি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক শাহ আজম।
বেগম রোকেয়াসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন।