রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি দুই-ই নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত ১ ও ৩ মের পরিবর্তে ৫ ও ৬ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৩ মে।
গতকাল সোমবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৫ মে সকাল সাড়ে নয়টায় ‘এ’ ইউনিট, দুপুর সাড়ে ১২টায় ‘বি’ ইউনিট ও বিকেল সাড়ে তিনটায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ৬ মে সকাল সাড়ে নয়টায় ‘ডি’ ইউনিট, দুপুর সাড়ে ১২টায় ‘ই’ ইউনিট ও বিকেল সাড়ে তিনটায় ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রসঙ্গত, এ বছর বিশ্ববিদ্যালয়ে ছয়টি ইউনিটের অধীনে ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে মোট ৯০ হাজার ৪০২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।