রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষকের পদত্যাগপত্র গৃহীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২৭টি প্রশাসনিক পদ থেকে অব্যাহতির আবেদন করা ১৪ জন শিক্ষকের পদত্যাগপত্র গ্রহণ করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ উল আলম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে শিক্ষকদের বিষয়টি জানানো হয়েছে।

যাঁদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে তাঁরা হলেন, আর এম হাফিজুর রহমান, সাইদুল হক, মোরশেদ হোসেন, সরিফা সালোয়া, রফিউল আজম খান, তানিয়া তোফাজ, সাইদুর রহমান, শেখ মাজেদ, শফিকুর রহমান, শরীফুল ইসলাম, কমলেশ চন্দ্র রায়, আজিজুর রহমান, এইচ. এম. তারিকুল ইসলাম ও আলী রায়হান সরকার।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বেশ কিছু দাবি আদায়ের লক্ষ্যে গত বছরের ৯ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে ১৮ জন শিক্ষক ৩৫টি প্রশাসনিক পদ থেকে এক যোগে পদত্যাগ করেন। এর মধ্যে চারজন শিক্ষক তাঁদের পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন। বাকি ১৪ জন শিক্ষক তাঁদের পদত্যাগপত্র প্রত্যাহার না করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করে।
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ উল আলম জানান, পদত্যাগকারী শিক্ষকদের পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য মৌখিকভাবে ও লিখিতভাবে একাধিকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু তাঁরা পদত্যাগপত্র প্রত্যাহার করেননি।
এ ব্যাপারে উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, শিক্ষকদের পদত্যাগপত্র প্রত্যাহারের ব্যাপারে দীর্ঘ সময় অপেক্ষা করা হয়েছে। এর পরও তাঁদের কাছ থেকে সাড়া না পেয়ে তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণ ও ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ রক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত এসব পদ পূরণ করা হবে বলেও জানান উপাচার্য।