রোকেয়া সদনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গায় ঝর্ণা, রাবেয়া, নাবিন, মায়াবী, শিরিন, আয়শা, ফাহিমা ও সঞ্চিতা রানী। কবিতা আবৃত্তি করে রুনা আক্তার। নৃত্য পরিবেশন করে ঝর্ণা ও নাবিন। সঞ্চিতা রানী বক্তব্য দেয়। অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করে মায়াবী ও আয়শা। তারা সবাই বাংলাদেশ মহিলা পরিষদ পরিচালিত রোকেয়া সদনের সদস্য। সদনের বর্তমান সদস্য সংখ্যা ১৭। এদের মধ্যে বেশির ভাগই শিশু। এরা নির্যাতনের শিকার ও অবহেলিত ছিল। এখন তারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত। তারা এখন আর কারও মুখাপেক্ষী নয়।

নারী ও মেয়ে শিশুদের সমাজে পুনর্বাসিত করার কাজটি করছে রোকেয়া সদন। আজ বুধবার রাজধানীতে পরিষদের কার্যালয়ে রোকেয়া সদনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে সদনের প্রশিক্ষণ পাওয়া সদস্যদের হাতে সনদ তুলে দেওয়া হয়। সদনের সদস্যরাই সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পুরো অনুষ্ঠানে নিজেদের উপস্থিতি জানান দেয়। মহিলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
জাতীয় সংগীত এবং অন্তর মম বিকশিত কর, অন্তর তব হে—এই উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু। ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হউন ও পুনর্বাসনে এগিয়ে আসুন’ আহ্বান জানিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ উইমেন্স পুলিশ নেটওয়ার্কের সভাপতি মিলি বিশ্বাস বলেন, নারীকে মানুষ হিসেবে সমমর্যাদা ও সম-অধিকার পেতে পিছপা হলে চলবে না।
টাঙ্গাইল শাড়ি কুটিরের ব্যবস্থাপনা পরিচালক মুনিরা এমদাদ বলেন, নারীরা পোশাকশিল্প, কৃষিসহ বিভিন্ন খাতে ব্যাপকভাবে কাজ করছেন। এগিয়ে যাচ্ছেন। তাই নারীদের পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।
অনুষ্ঠান ও সংগঠনের সভাপতি আয়শা খানম বলেন, ‘সমাজে নির্যাতনের শিকার যে নারীরা সমাজ ও পরিবার থেকে বিচ্যুত হয়েছেন, আমরা তাঁদের পাশে দাঁড়িয়ে জীবনের মূলধারায় ফিরিয়ে আনার চেষ্টা করেছি। এ ক্ষেত্রে আদর্শবাদিতা, আবেগ ও দায়বদ্ধতা কাজ করছে। এই কাজ কিছুটা প্রতীকী। এই কাজে দেশে-বিদেশের অনেক মানুষ ও সংগঠন আমাদের সহযোগিতা করেছেন।
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারীর মানবাধিকারের যে আন্দোলন, সদন পরিচালনার কাজটি সেই আন্দোলনের ধারাবাহিক কাজের অংশ। এ ধরনের কাজে রাষ্ট্রের দায়বদ্ধতাও থাকতে হবে।
সভায় বক্তব্য দেন রোকেয়া সদনের সম্পাদক নাসরিন মনসুর। অনুষ্ঠান পরিচালনা করেন সদনের পরিচালনা কমিটির সদস্য শামীম আফরোজ আলভী। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সদনের শিক্ষক আরিফা চৌধুরী ।