রোকেয়ার দেখানো পথে নারীদের এগোতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম রোকেয়ার দেখানো পথ অনুসরণ করে নারীদের শিক্ষিত হতে হবে, সামনে এগোতে হবে। প্রথা ও ধর্মের দোহাই দিয়ে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে নারীদের লড়াই করতে হবে।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বেগম রোকেয়াকে নিয়ে আলোচনায় মূল প্রবন্ধে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। বেগম রোকেয়ার ১৩৪তম জন্মদিন ও ৮২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান তানিয়া হক বলেন, রোকেয়ার কারণে এখন অনেক নারী শিক্ষিত হয়েছেন, উপার্জন করছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শুরুতে ৮৭৭ জন শিক্ষার্থী ভর্তি হন। এর মধ্যে মাত্র একজন নারী ছিলেন। এখন ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৫ আর ছাত্রী ৪৫ জন। কিছু বিভাগে ছাত্রের চেয়ে ছাত্রী বেশি।
বিশেষ অতিথির বক্তব্যে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বাল্যবিবাহ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সমাজে ধর্মের অপব্যবহার করে নারীদের বোঝানো হয় আধুনিকতা এবং পুরুষের সঙ্গে কাজ করা বা ব্যবসা করা ধর্মবিরোধী।
অনুষ্ঠানে বিভাগের ১১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানও কথা হয়।