রোকেয়া দিবসে আলোচনা
বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পায়রাবন্দে তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে।রংপুর: নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে সকাল নয়টায় তাঁর স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিকেলে ‘বেগম রোকেয়ার সাহিত্যকর্ম: প্রেক্ষিত ও শিল্পমূল্য’ শীর্ষক আলোচনায় জেলা প্রশাসক বি এম এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন। অতিথি ছিলেন আবুল মনসুর আহমেদ ও জাকির হোসেন সরকার। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সকালে শোভাযাত্রা বের করে। দুপুরে রোকেয়ার জীবনীর ওপর স্মারক বক্তৃতায় প্রধান অতিথি ছিলেন লেখক বেবী মওদুদ। সভাপতিত্ব করেন উপাচার্য মু. আবদুল জলিল মিয়া। আলোচনা করেন সরিফা সালোয়া, মোজাম্মেল হক প্রমুখ। বেগম রোকেয়া ফোরাম শহীদ মিনারে শিশুদের চিত্রাঙ্কনের আয়োজন করে। ফাতেমা বেগম (মরণোত্তর) ও রাজিয়া ফয়েজকে সম্মাননা দেওয়া হয়।ফরিদপুর: জেলা প্রশাসন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে ‘ইভ টিজিং কী, কেন এবং সমস্যা সমাধানে করণীয়’ শীর্ষক সভা করা হয়।পঞ্চগড়: জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘বেগম রোকেয়ার স্বপ্ন নারীশিক্ষার অন্যতম অন্তরায় ইভ টিজিং: উত্তরণের লাগসই কৌশল’ র্শীষক কর্মশালার আয়োজন করে।বগুড়া: পৌর পার্কে সকালে বগুড়া লেখক চক্রের আয়োজনে আলোচনা সভা হয়।