রোকেয়া দিবসে সম্মাননা পেলেন ৭৩ নারী

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে গতকাল শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস। এ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা নারীদের পাঁচটি ক্যাটাগরিতে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে।
ক্যাটাগরিগুলো হলো সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা, সমাজ উন্নয়নে অবদান রাখা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী এবং শিক্ষা ও চাকরিক্ষেত্রে অবদান রাখা।
দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে ৭৩ নারী জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঠাকুরগাঁও: সদর উপজেলার নিলুফার জাহান, গোলাপী রানী, মাদিজা বেগম, মালেকা বেগম ও এম এস নূরবানুকে জয়িতা হিসেবে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া জেলার পাঁচ উপজেলায় পাঁচজন করে ২৫ নারীকেও জয়িতা হিসেবে সম্মাননা দেওয়া হয়। এর আগে শোভাযাত্রা হয়। পরে মোর্শেদ আলী খানের সভাপতিত্বে সভায় মো. জহুরুল ইসলাম, ফোরাতুন নেহার, মনোয়ারা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
নীলফামারী: শোভাযাত্রার পর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। নূরুন্নাহার শাহজাদীর সভাপতিত্বে বক্তব্য দেন এরশাদ আহসান হাবিব, শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, আরিফা সুলতানা, রাবেয়া আলিম প্রমুখ। অনুষ্ঠানে আরিফা সুলতানা, মারুফা বেগম, আমিনা খাতুন, মহসেনা বেগম ও আহমেদা ইয়াসমিনকে জয়িতা হিসেবে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জে পাঁচজন করে নারীকে জয়িতা হিসেবে সম্মাননা দেওয়া হয়।
দিনাজপুর: কর্মজীবী নারী ও জাতীয় নারী জোট দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। চিরিরবন্দর উপজেলা সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন ফিরোজ মাহমুদ। সভায় আনোয়ারা বেগম, চপলা রানী ও রেহেনা বেগমকে এবং কাহারোলে মালতী রানী রায়কে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া ফুলবাড়ীতে জয়িতা শান্তি সরেন ও গুলশান আরা বেগমের হাতে ক্রেস্ট তুলে দেন এহতেশাম রেজা।
পঞ্চগড়: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশরাফুল মোমিন খান। মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কফিল উদ্দিন, মির্জা আবুল কালাম, মোখলেছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান আকতারুন নাহার সঞ্চালনা করেন। এ সময় জয়িতা রেখাতুন নেহার, শাকিলা সরকার, সেতারা বেগম, সানজিদা আক্তার ও শহরের ডোকরোপাড়ার আকতারুন নাহারের হাতে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।
গাইবান্ধা: সিপিবি জেলা নারী শাখার উদ্যোগে নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন সুপ্রিয়া ঘোষ। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন মিতা হাসান।
পীরগঞ্জ(ঠাকুরগাঁও): শোভাযাত্রা শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. ইয়াসিন আলী। পরে দুহিতা রানী রায়, খতেজা খাতুন, তাহেরা বেগম, গোলাপী রানী রায় ও ভারতী রানী রায়কে জয়িতা হিসেবে সম্মাননা দেওয়া হয়।
পাটগ্রাম (লালমনিরহাট): হাতীবান্ধায় রেহেনা বেগম ও আয়শা বেগম নামের দুই জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়। পাটগ্রামে শোভাযাত্রা শেষে শহীদ আফজাল মিলনায়তনে সভা হয়।
সৈয়দপুর(নীলফামারী): পরিষদ মিলনায়তনে বিকেলে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সভায় জয়িতা আহমেদা ইয়াসমিন, সামসুন নাহার বেগম, আনোয়ারা বেগম, আসমা বেগম ও আঞ্জুয়ারা বেগমকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।