রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। অনিয়মের সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।গতকাল বেলা ১১টার দিকে ক্যাম্পাসের সামনে পার্কের মোড়ে মানববন্ধনের আয়োজন করেন সাধারণ শিক্ষার্থীরা। আধা ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে যোগ দেন অর্ধশতাধিক শিক্ষার্থী। তাঁরা বিশ্ববিদ্যালয় অবিলম্বে খুলে দেওয়ার এবং ক্লাস-পরীক্ষা শুরুর দাবি জানান।বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে উপাচার্যের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী মঞ্চ গঠন করে ৫ জানুয়ারি থেকে আন্দোলন শুরু করেন। মহানগর নাগরিক কমিটির ব্যানারে আওয়ামী লীগের স্থানীয় একটি অংশ উপাচার্যের পক্ষে অবস্থান নেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে গত ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এদিকে, ২৯ জানুয়ারি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল মিয়ার কাছে পাঠানো ইউজিসির সদস্য মোহাম্মদ মোহাব্বত খান স্বাক্ষরিত এক ফ্যাক্সবার্তায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ-প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। কমিশন কর্তৃপক্ষ ওই অভিযোগের সত্যতাও পেয়েছে। এ অবস্থায় কমিশন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে (নিয়মিত, অ্যাডহক ও দৈনিক হাজিরাভিত্তিক) নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করা হলো। এই আদেশ ২৮ জানুয়ারি থেকে কার্যকর হবে। এ ব্যাপারে জানতে উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী ইউজিসির ফ্যাক্সবার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।