রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উদীচীর সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্ষতবিক্ষত নতুন সকাল বেলা, শেষ করবই রক্তের হোলি খেলা’ স্লোগানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার থেকে দুই দিনব্যাপী উদীচীর দ্বিতীয় সম্মেলন শুরু হয়েছে।

সকাল ১০টায় ক্যাম্পাসের স্বাধীনতা স্মারক চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধে রংপুরের প্রথম শহীদ শংকু সমাজদারের মা দিপালী সমাজদার। উদ্বোধনের পর একটি শোভাযাত্রা বের করা হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা স্মারক চত্বরে এসে শেষ হয়।

উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি পর্ষদের আহ্বায়ক কুমার সুমন। আলোচনায় অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাশ্বত ভট্টাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক রিষিণ পরিমল, সম্মেলন প্রস্তুতি পর্ষদের সদস্যসচিব আবদুল ওয়াদুদ প্রমুখ।

আলোচনা শেষে কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। আজ সকাল ১০টা থেকে স্বাধীনতা স্মারক চত্বরে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে রয়েছে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।