রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবীকে আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারী তাঁদের চাকরি স্থায়ীকরণ ও এক বছরের বকেয়া বেতনের দাবিতে তাঁকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন। সন্ধ্যা ছয়টায় শেষ খবর পর্যন্ত তিনি অবরুদ্ধ ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যের কক্ষের দরজার সামনে বসে অবস্থান ধর্মঘট শুরু করেন। এতে উপাচার্য অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় উপাচার্যের কক্ষে আরও আটকা পড়েন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোর্শেদ উল আলম, বিজ্ঞান অনুষদের ডিন আর এম হাফিজুর রহমানসহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা।

আন্দোলনরত কর্মকর্তাদের পক্ষে সেকশন কর্মকর্তা (গ্রেড-২) ওবায়দুর রহমান বলেন, ‘আমাদের ন্যায়সংগত দাবি নিয়ে আমরা গত এক বছর থেকে আন্দোলন করে আসছি। গত বছরও আমরা আমাদের আন্দোলন করেছিলাম। আমাদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। কিন্তু সেই আশ্বাস এক বছরেও বাস্তবায়ন নেই। তাই নতুন করে আন্দোলন শুরু করতে বাধ্য হয়েছি।’

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেতনভুক্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা বর্তমানে ৫৪০ জন। সাবেক উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল মিয়া ইউজিসির অনুমোদন না নিয়ে অতিরিক্ত ৩৩৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছিলেন। এদের মধ্যে নতুন উপাচার্য এ কে এম নূর-উন-নবী অনেকের চাকরি স্থায়ী করেছেন। তবে সবার চাকরি স্থায়ী করা এখনো সম্ভব হয়ে ওঠেনি। বর্তমানে আন্দোলনরত ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরি অন্তর্বর্তীকালীন। এঁদের চাকরির মেয়াদ গত বছর জুন মাসে শেষ হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, ‘ইউজিসির নিয়মের বাইরে কোনো কিছু করার এখতিয়ার আমার নেই। আমি যোগদানের এক বছরের মধ্যে অনেকের চাকরি স্থায়ী করেছি। বাকিদের চাকরি স্থায়ী করতে সময় লাগবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা হয়েছে। কিন্তু তা সময়ের ব্যাপার।’
গত বছরের ৫ মে মুহাম্মদ আবদুল জলিল মিয়াকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।