রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় আদালতে অভিযোগপত্রভুক্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তাকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হলো। পাশাপাশি তাঁদের পদোন্নতি স্থগিত ও বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সিন্ডিকেটের ৫৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।


সাময়িক বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন উপরেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডল, উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ টি জি এম গোলাম ফিরোজ, সহকারী রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনি এবং সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার আশরাফুল আলম। তাঁদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোরশেদ হোসেন। গত ১৬ জুলাই সিন্ডিকেটের ৫৩তম সভায় এই চার কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সিন্ডিকেটের ৫৪তম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে সিন্ডিকেট সদস্য রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সিকদার মনোয়ার মুর্শেদ (সৌরভ সিকদার), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন তাজুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হক, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোরশেদ হোসেন, সিন্ডিকেটের সদস্যসচিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর উপস্থিত ছিলেন।

দুদক রংপুর কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ মুখ্য বিচারিক হাকিমের আদালতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আকবর আলী এই চার কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল জলিল মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

এদিকে, গত ১৬ জুলাই সিন্ডিকেটের ৫৩তম সভায় দুদকের মামলায় অভিযোগপত্রভুক্ত উপরেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডলকে অতিরিক্ত রেজিস্ট্রার, উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ টি জি এম গোলাম ফিরোজকে অতিরিক্ত পরিচালক, সহকারী রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনিকে উপরেজিস্ট্রার এবং সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার আশরাফুল আলমকে উপপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। এই চারজনই দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।

২০১৩ সালের ১২ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের তৎকালীন উপপরিচালক আবদুল করিম দুর্নীতি দমন আইনে রংপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেন।