রোকেয়া মেলায় অশ্লীল নৃত্য জনতার হামলা
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত রোকেয়া মেলায় পুতুলনাচের নামে অশ্লীল নৃত্য পরিবেশন করার অভিযোগে বিক্ষুব্ধ জনতা সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। গত মঙ্গলবার রাতে তিন দিনব্যপী আয়োজিত এ মেলার শেষ দিনে এ ঘটনা ঘটে।এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় আবদুল গাফফার নামের এক ব্যক্তির নেতৃত্বে মেলায় পুতুল নাচের আয়োজন করা হয়। প্রথম দিন থেকে প্রতিদিন রাতে মেলায় পুতুল নাচের নাম করে নারীদের অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। স্থানীয় জনগণ এর প্রতিবাদ জানালেও আয়োজকেরা অশ্লীল নৃত্য বন্ধ করেননি। মেলার শেষ দিন মঙ্গলবার রাত নয়টার দিকে অশ্লীল নৃত্য চলার সময় ক্ষুব্ধ জনগণ সেখানে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুরসহ বিক্ষোভ প্রদর্শন করে। একপর্যায়ে তারা মঞ্চ ভাঙচুর করলে আয়োজকেরা সটকে পড়েন। বিষয়টি জানার পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ এবং মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। জাকির হোসেন বলেন, ‘পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য পরিবেশন না করার জন্য আয়োজকদের নিষেধ করা হয়েছিল। কিন্তু তারা নির্দেশ অমান্য করে।’ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, পুতুল নাচের আয়োজকদের এ ধরনের নৃত্য পরিবেশনের কোনো অনুমতি ছিল না। তাঁদের নিষেধও করা হয়। কিন্তু তাঁরা শোনেননি। আয়োজক আবদুল গাফফারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।