কাল সোমবার বেগম রোকেয়া দিবস উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে প্রতিবছরের মতো এবারও তিন দিনের কর্মসূচি পালন করবে জেলা প্রশাসন। কিন্তু পায়রাবন্দে নির্মিত ‘বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র’-এর বেহাল দশা এক যুগ পার হলেও ঘুচছে না। ছয়জন কর্মকর্তা-কর্মচারী প্রায় ১০ বছর ধরে বেতনও পাচ্ছেন না। এর পরও তাঁরা পড়ে আছেন বন্ধ হয়ে যাওয়া ওই স্মৃতিকেন্দ্রে।
স্মৃতিকেন্দ্র সূত্র জানায়, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দে ১৯৯৭ সালে স্মৃতিকেন্দ্রটি নির্মাণ করা হয়। রোকেয়ার আদর্শ, কর্ম ও জীবন সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার পাশাপাশি তাঁর স্মৃতি এবং অবদানকে স্মরণীয় করে রাখতেই এই কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। সোয়া তিন একর জমির ওপর নির্মিত কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয় তিন কোটি ৭৮ লাখ ৭৯ হাজার টাকা। স্মৃতিকেন্দ্রটি উদ্বোধন করা হয় ২০০১ সালের ১ জুলাই। কিন্তু একই বছরের ১৩ অক্টোবর তৎকালীন সরকার স্মৃতিকেন্দ্রের সব কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর ২০০৪ সালের জুলাই থেকে বন্ধ করে দেওয়া হয় উপপরিচালকসহ ১৩ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা। ইতিমধ্যে ওই কর্মকর্তা-কর্মচারীদের সাতজন অন্যত্র চলে গেছেন। বাকি ছয়জন বেতন-ভাতা না পেলেও সেখানেই পড়ে আছেন।
ওই ছয় কর্মকর্তা-কর্মচারী হলেন উপপরিচালক আবদুল্লাহ আল ফারুক, হিসাবরক্ষণ কর্মকর্তা কামাল হোসেন মজুমদার, কম্পিউটার অপারেটর ফারুক হোসেন, সহকারী গ্রন্থাগারিক আবেদা খাতুন, পাহারাদার আবদুল বাতেন ও মালি খোরশেদ আলম।
স্মৃতিকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী সূত্রে জানা গেছে, ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছ থেকে নিয়ে স্মৃতিকেন্দ্রটির তদারকির দায়িত্ব দেয় শিশু ও মহিলাবিষয়ক মন্ত্রণালয়কে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন (রিট) করেন স্মৃতিকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। এরপর তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালের নভেম্বরে স্মৃতিকেন্দ্রটি বিকেএমইএর (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) কাছে পাঁচ বছরের জন্য ইজারা দেয়। বিকেএমইএ সেখানে গড়ে তোলে প্রশিক্ষণকেন্দ্র। ২০১০ সালের এপ্রিলে মহাজোট সরকারের হস্তক্ষেপে বিকেএমইএ সেখান থেকে চলে যায়।
এই স্মৃতিকেন্দ্রে রয়েছে বেগম রোকেয়ার একটি ম্যুরাল, ২৬০ আসনের আধুনিক মিলনায়তন, ১০০ আসনের সেমিনারকক্ষ, ১০ হাজার পুস্তক ধারণক্ষমতাসম্পন্ন লাইব্রেরি, চার হাজার বিভিন্ন বইপত্র-পত্রিকা, গবেষণাকেন্দ্র, সংগ্রহশালা, ২৫টি সেলাই মেশিনসহ একটি প্রশিক্ষণকেন্দ্র। সেই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয় ও উপপরিচালকসহ কর্মচারীদের আবাসনব্যবস্থা। তবে রক্ষণাবেক্ষণের অভাবে অযত্নে পড়ে রয়েছে রোকেয়ার ম্যুরাল ও ব্যবহূত জিনিসপত্র।
আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘১৩ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে ছয়জনকে নিয়োগ প্রদান করা হয়। এ কারণে বছরের পর বছর ধরে পড়ে রয়েছি। যদি একটা গতি হয়। রোকেয়া দিবস এলেই প্রশাসন সজাগ হয়। এরপর সবাই সব ভুলে যান।’
পায়রাবন্দে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, বার্ষিক ৩০ লাখ টাকা খরচ করলেই এই কেন্দ্রটি চালু হতে পারে। কিন্তু কেউ এখানে ওই অর্থ খরচ করছে না। মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘বারবার সরকারের কাছে এই স্মৃতিকেন্দ্র পুনরায় চালুর দাবি জানাচ্ছি। এর পরও কেন এটি চালু হচ্ছে না, তা জানি না।’